দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি এবং চূড়ান্ত বা শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সংবাদিকদের সামনে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।”

নির্বাচন কমিশনার আরও জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা নির্বাচনি চক্রের আওতায় পড়বে, সেগুলোর নির্বাচন আগামী ২৭ মের মধ্যে শেষ করা হবে। সব জেলায় একই সময়ে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এই প্রক্রিয়ায় উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল কিংবা যাদের মেয়াদ অনেক বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচনের তপশিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে সানাউল্লাহ বলেন, “সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কমিশন আলাদা বৈঠক করবে। এর আগে অনুষ্ঠিত এক বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল যে, নভেম্বরের মধ্যেই তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

স্মার্ট কার্ড ছাপানো ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ

কমিশনের সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি স্মার্ট কার্ড ছাপানোর বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পূর্ণ সক্ষমতায় ছাপানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই লক্ষ্য অর্জনে পারসোনালাইজেশন সেন্টারের চুক্তি ও নিরীক্ষা আপত্তিসহ যাবতীয় প্রশাসনিক জটিলতা সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম দ্রুত বাদ দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। বর্তমানে পরিবারের সদস্য বা পরিচিত কেউ নির্ধারিত ১২ নম্বর ফরম পূরণ করে মৃত ভোটারের তথ্য জানালে তা কার্যকর হয়। তবে এই পদ্ধতিতে অনেক মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থেকে যায়।

এই সমস্যা দূর করতে অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটি প্রস্তাব পেয়েছে কমিশন। শুরুতে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হবে এবং ফলাফল পর্যালোচনার পর সারা দেশে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্রুত ইভিএম নিষ্পত্তির নির্দেশনা

সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংরক্ষিত এসব যন্ত্র নিয়ে এখনো কিছু জটিলতা রয়ে গেছে।

সানাউল্লাহ বলেন, “ইভিএম-সংক্রান্ত কমিটির বক্তব্য শুনেছে কমিশন। যন্ত্রগুলো নিষ্পত্তি এবং আগের কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ আইনি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে বাকি ইভিএম দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন।”

এছাড়া সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর একটি খসড়া উপস্থাপন করা হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনাররা খসড়াটি পর্যালোচনা করে আলাদাভাবে নিজেদের মতামত দেবেন। উল্লেখ্য, গত বছর এই পদক দেওয়া হয়নি এবং চলতি বছরের পদক প্রদানও এখনো বাকি রয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সেগুলো পরবর্তী সভায় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সানাউল্লাহ জানান, পরবর্তী কমিশন সভায় বাকি নির্বাচনগুলোর বিষয়ে সিদ্ধান্ত ও বিস্তারিত জানানো হবে।