আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক যতটা স্মরণীয় হতে পারে, মাহফিজুল ইসলামের ক্ষেত্রে তা ততটাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। ২২ বছর বয়সী এই ওপেনার গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বলে অভিষিক্ত ক্রিকেটারের আউট হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এর আগে মাত্র তিনজন ক্রিকেটার এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

জোহানেসবার্গে মাহফিজুলের এই চরম বাজে অভিষেকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে তাঁকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ওপেনার হিসেবে নামলেও দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে কেন তাঁকেই প্রথম বল খেলতে দেওয়া হলো, তা নিয়ে চলছে আলোচনা।

প্রথম দিনের খেলা শেষে এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন সতীর্থ তানজিদ হাসান। নাজমুল হোসেন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ ও মাহফিজুল। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা তানজিদের কাছে জানতে চাওয়া হয়, প্রথম বলে মাহফিজুলকে স্ট্রাইকে পাঠানোর পেছনের কারণ কী ছিল?

জবাবে বাঁহাতি এই ওপেনার জানান, এই সিদ্ধান্তটি সম্পূর্ণ মাহফিজুলেরই ছিল। তিনি বলেন, “রবিনের (মাহফিজুল) সঙ্গে গতকাল (ম্যাচের আগের দিন) আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া।”

কাগিসো রাবাদার বলে প্রথম বলেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেও মাহফিজুলকে নিয়ে আশাবাদী তানজিদ। তিনি নিজে দ্বিতীয় সেশন পর্যন্ত টিকে থেকে ৬৭ রানের একটি ইনিংস খেলেছেন। নতুন সঙ্গীর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে কিংবদন্তি হবে।”

ম্যাচের প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।