পিরোজপুর জেলার অধিকাংশ সরকারি হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের তীব্র সংকটে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোগীরা। জেলার সাতটি সরকারি হাসপাতালে অনুমোদিত ২৮১টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১০ জন। অর্থাৎ, মোট পদের প্রায় এক-তৃতীয়াংশ বা ১৭১টি পদই বর্তমানে শূন্য পড়ে রয়েছে। শুধু চিকিৎসক নয়, প্যাথলজি বিভাগে রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে অধিকাংশ হাসপাতালে। কোথাও এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম যন্ত্র অকেজো হয়ে থাকায় সেবা বন্ধ, আবার কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সাতটি হাসপাতালে মোট ৩৮১টি শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ৭০০ জন রোগী ভর্তি রয়েছেন। বিপরীতে অনুমোদিত ২৮১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১০ জন। এছাড়া কর্মচারীর পদ ৭২২টি থাকলেও কর্মরত আছেন ৫৫৫ জন। আউটসোর্সিং জনবল রয়েছে মাত্র ২১ জন।
১০০ শয্যার পিরোজপুর জেলা হাসপাতালে অনুমোদিত ৬২টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৭ জন। কর্মচারীর পদ ১৫২টির বিপরীতে কর্মরত ১৩৭ জন এবং আউটসোর্সিং জনবল মাত্র ২১ জন। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, “জেলা হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ব্যাপক ঘাটতি রয়েছে। হাসপাতালটি ১০০ শয্যার হলেও প্রায় চার শতাধিক রোগী ভর্তি থাকেন। সঙ্গে রোগীর স্বজনেরাও থাকেন। ফলে পানি ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও শৌচাগার ব্যবহারের ক্ষেত্রে অনেক চাপের মধ্যে থাকতে হয়।”
তিনি আরও জানান, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার জন্য গণপূর্ত বিভাগের চলমান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে নতুন ভবনে ডেঙ্গু ওয়ার্ড ও জরুরি বিভাগ চালু করা হয়েছে। ভবনটির পুরো কাজ শেষ হলে হাসপাতালের সব কার্যক্রম শুরু করা যাবে। জনবল ঘাটতি পূরণ হলে স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে।
অন্যদিকে, ৫০ শয্যার নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৩১টি পদের বিপরীতে কর্মরত ২০ জন এবং ১৮০টি কর্মচারীর পদের বিপরীতে কর্মরত ১১৫ জন। এখানে সীমিত পরিসরে রোগ নির্ণয় পরীক্ষা চললেও চিকিৎসক সংকটের কারণে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। নেছারাবাদের রাহুতকাঠী গ্রামের বাসিন্দা মো. আজিজুল ইসলাম বলেন, “নেছারাবাদ হাসপাতালে প্রতিদিন প্রায় শতাধিক রোগী ভর্তি থাকেন। এখানে চিকিৎসক ও কর্মচারী সংকট রয়েছে। এ কারণে হাসপাতালটি অপরিচ্ছন্ন থাকে এবং পর্যাপ্ত রোগ নির্ণয় পরীক্ষাও হয় না। ফলে তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।” তাদের দাবি, হাসপাতালের জন্য ১০০ শয্যার একটি নতুন ভবন চালু করা হোক।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, “নেছারাবাদ একটি জনবহুল এলাকা। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্শ্ববর্তী উজিরপুর, নাজিরপুর ও কাউখালী থেকেও প্রচুর রোগী আসেন। দুঃখের বিষয়, হাসপাতালটি ৫০ শয্যার হলেও এখানে ১৯ শয্যার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। কারণ, ২০০০ সালে ৩১ শয্যার যে পুরোনো ভবন ছিল, সেটি অকেজো হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে। এখন ১৯ শয্যার হাসপাতালেই ১২০ থেকে ১৩০ জন রোগী ভর্তি থাকেন। রোগীদের শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে মেঝে ও সিঁড়িতে রোগীদের সেবা দিতে হচ্ছে। জরুরি ভিত্তিতে ভবন সংকট দূর করা প্রয়োজন। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নেই বললেই চলে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মী অত্যন্ত জরুরি। এসব সমস্যার কারণে আমরা ভালো সেবা দিতে পারছি না।”
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদ সৃষ্টি করা হয়েছে ৩১ শয্যার জন্য। এখানে চিকিৎসকের পদ ৪২টি থাকলেও কর্মরত মাত্র ১৭ জন এবং ৪৬টি কর্মচারীর পদের বিপরীতে কর্মরত ২৯ জন। এখানে কিছু রোগ নির্ণয় পরীক্ষা ও সিজারিয়ান ও অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হলেও আল্ট্রাসনোগ্রাম সেবা বন্ধ। নাজিরপুরের শাঁখারিকাঠী গ্রামের শিক্ষার্থী মার্জিয়া মিহি বলেন, “নাজিরপুর হাসপাতালে দালালদের কারণে আমরা অতিষ্ঠ। হাসপাতালের রাস্তার অবস্থাও খুব খারাপ। উপজেলার রাস্তাগুলো সংস্কার করা হলে হাসপাতালে যাতায়াত করতে সুবিধা হবে।”
জেলার অন্যতম বৃহৎ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট প্রকট। এখানে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকেন। চিকিৎসকের পদ ৪৯টির বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন এবং ৬০টি কর্মচারীর পদের বিপরীতে কর্মরত ৪৭ জন। সীমিত পরিসরে রোগ নির্ণয় পরীক্ষা হলেও কোনো অস্ত্রোপচার হয় না এবং এক্স-রে মেশিনও নেই। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিংহ রায় জানান, নতুন ভবনের প্রায় ৫০ শতাংশ কাজ এখনও বাকি। নতুন ভবন চালু হলে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। বর্তমানে ভর্তি রোগীদের শয্যা দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, হাসপাতালটির ১০টি কনসালটেন্ট পদই শূন্য। বিশেষ করে অর্থোপেডিক্স, শিশু, নাক-কান-গলা ও চক্ষু বিভাগের কনসালটেন্ট পদগুলো জরুরি ভিত্তিতে পূরণ করা প্রয়োজন।
৩১ শয্যার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি থাকেন। এখানে ২৩টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ১০ জন এবং ১০২টি কর্মচারীর পদের বিপরীতে কর্মরত ৭১ জন। সীমিত পরিসরে রোগ নির্ণয় পরীক্ষা চললেও এক্স-রে মেশিন নেই এবং আল্ট্রাসনোগ্রাম মেশিন ত্রুটিপূর্ণ থাকায় সেবা বন্ধ। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, “কাউখালী হাসপাতালটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ইতিমধ্যে ৩১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে কার্যক্রম চলছে। এ ছাড়া বর্তমানে আমাদের মূল ভবন না থাকায় ৩১ শয্যার কার্যক্রম একটি অস্থায়ী ভবনে পরিচালনা করতে হচ্ছে। পাশাপাশি চিকিৎসক ও কর্মচারী সংকট রয়েছে। এতে সেবা দিতে কষ্ট হচ্ছে। মূল সমস্যা হচ্ছে, আমাদের ভবন নেই। পাশাপাশি একটি হাসপাতাল পরিচালনার জন্য যে পরিমাণ জনবল প্রয়োজন, সেই পরিমাণ জনবলও নেই। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ডবয় ও নিরাপত্তাপ্রহরী নেই।”
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ৭০ জন রোগী চিকিৎসা নেন। এখানে ৩৩টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ১৮ জন এবং ১২২টি কর্মচারীর পদের বিপরীতে কর্মরত ১০৪ জন। সীমিত পরিসরে রোগ নির্ণয় পরীক্ষা ও শুধু সিজারিয়ান অস্ত্রোপচার চালু আছে। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহীম মোল্লা বলেন, “হাসপাতালে জনবল সংকট রয়েছে। পরিচ্ছন্নতাকর্মী মাত্র দুজন। তাদের দিয়ে যতদূর সম্ভব হাসপাতাল পরিষ্কার রাখার চেষ্টা করছি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদগুলোতে কর্তৃপক্ষ নিয়োগ দিলে আমরা আরও ভালো স্বাস্থ্যসেবা দিতে পারব।”
নদীবেষ্টিত জিয়ানগর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ৬০ জন রোগী ভর্তি থাকেন। এখানে ২২টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র আটজন এবং ৬০টি কর্মচারীর পদের বিপরীতে কর্মরত ৫২ জন। সীমিত পরিসরে রোগ নির্ণয় পরীক্ষা চললেও চিকিৎসক সংকট ও যন্ত্রপাতি নষ্ট থাকায় অস্ত্রোপচার, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবা বন্ধ। জিয়ানগরের ভবানীপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আল আমিন শিকদার বলেন, “হাসপাতালে সব সময় চিকিৎসক পাওয়া যায় না। ডায়াবেটিস পরীক্ষা হয় না এবং প্রেগন্যান্সি কার্ড দেওয়া হয় না। হাসপাতালের শৌচাগার অপরিচ্ছন্ন থাকে, ব্যবহারের উপযোগী নয়।” তাদের দাবি, জিয়ানগর হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক।
জিয়ানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় বলেন, “হাসপাতালটির অন্তর্বিভাগ ২০২২ সালে চালু হলেও এখানে সিজারসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। প্যাথলজি বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সঠিক রোগ নির্ণয়ের জন্য তেমন কোনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না। এ ছাড়া হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীর সংকট রয়েছে। এখানে মাত্র তিনজন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। এ কারণে এত বড় হাসপাতাল পরিষ্কার রাখা কষ্টকর। অনতিবিলম্বে সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।”
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “জেলার হাসপাতালগুলোতে আমরা সেবা চালিয়ে যাচ্ছি। এসব হাসপাতালে বেশ কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। জনবল সংকটের কারণে আমাদের কষ্ট হচ্ছে। তারপরও সাধ্য অনুযায়ী রোগীদের সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, আমাদের এই ঘাটতি অতি শিগগিরই পূরণ হবে।”