ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আজ সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

শ্রমিকদের এই তীব্র অসন্তোষের মুখে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আজকের জন্য আরও দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়।

শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল–২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, “দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।”

শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর বিজিবি–৬৩ ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় অন্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য কাজ করছেন।