প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। গতকাল রোববার রাতে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর পর সেখানে উপস্থিত নেতা-কর্মীরা দলটির সভানেত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুসারে, গতকাল রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন। তাঁরা প্রথমে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখানে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।
শপথ গ্রহণের সময় নেতা-কর্মীরা ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে বাংলার বুকে ফিরিয়ে আনতে পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে ফিরিয়ে আনতে তাঁরা রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবেন।
জানা গেছে, পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম উপস্থিত নেতা-কর্মীদের এই শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। উল্লেখ্য, এরপর দীর্ঘ সময় ধরে প্রশাসন সাধারণ মানুষের জন্য সমাধিসৌধ কমপ্লেক্সের প্রবেশাধিকার বন্ধ রেখেছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কমপ্লেক্সের তিনটি ফটকেই পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।