শৈশবের সেই মিষ্টি ঘ্রাণ সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। কৈশোর ও তারুণ্যের রঙিন দিনগুলো পেরিয়ে একসময় মানুষের শরীরে চলে আসে তথাকথিত ‘বয়স্ক মানুষের ঘ্রাণ’। কিন্তু প্রশ্ন জাগে, বয়সের সাথে সাথে শরীরের এই ঘ্রাণ কেন বদলে যায়?

মানুষের শরীরের ঘ্রাণ তার নিজস্ব এক অনন্য বৈশিষ্ট্য। তবে বয়স বাড়ার সাথে সাথে এই ঘ্রাণে কিছু পরিবর্তন আসাটা খুব স্বাভাবিক। শরীরের স্বাভাবিক ঘ্রাণের সাথে বয়সের কিছু বিশেষ বৈশিষ্ট্য জড়িয়ে থাকে। মূলত শরীরের ঘ্রাণের জন্য যেসব গ্রন্থি দায়ী, শৈশবে সেগুলো পুরোপুরি পরিণত হয় না।

এই কারণেই শিশুদের শরীরের ঘ্রাণ হয় অত্যন্ত মিষ্টি। এমনকি অনেক ক্ষেত্রে শিশুর শরীরের ঘ্রাণের সাথে দুধের ঘ্রাণেরও মিল পাওয়া যায়। কৈশোরের দিকে এগোলে সেই গ্রন্থিগুলো ধীরে ধীরে পরিণত হতে শুরু করে। এর পাশাপাশি হরমোনের প্রভাবও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই সময়ে শরীর থেকে কিছুটা তীব্র ঘ্রাণ নির্গত হতে পারে। তারুণ্য ও মধ্যবয়সের সময় শরীরের ঘ্রাণ সাধারণত একই ধরনের থাকে। কারণ তখন হরমোনের ‘উদ্দাম ঢেউ’ আর থাকে না। কর্মব্যস্ত জীবনের দৈনন্দিন রুটিন এবং ঘামের কারণে শরীরের ঘ্রাণের ধরন দীর্ঘ সময় ধরে অনেকটা অপরিবর্তিত থাকে। তবে বয়স আরও বাড়তে থাকলে ত্বকের স্বাভাবিক তৈলাক্ততার ধরনে পরিবর্তন আসে। এর পেছনে কাজ করে কিছু রাসায়নিক প্রক্রিয়া, যার ফলে শরীরের ঘ্রাণ বদলাতে শুরু করে।

বিভিন্ন বয়সের ঘ্রাণের মধ্যে বয়স্ক মানুষের ঘ্রাণ বেশ স্বতন্ত্র। বয়স্কদের সাথে কাটানো স্মৃতিগুলো হাতড়ে দেখলে হয়তো আপনিও বিষয়টি অনুভব করতে পারবেন। চোখ বুজে একবার কল্পনা করে দেখুন তো, আপনার নানা-নানি, দাদা-দাদি বা তাঁদের বয়সী মানুষের শরীরের ঘ্রাণটা ঠিক কেমন ছিল? অনেকের ক্ষেত্রে এই ঘ্রাণ পান-সুপারি-জর্দা, সরষের তেল, নারকেল তেল, রান্নার মশলা কিংবা মাটির চুলার ধোঁয়াটে গন্ধের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে। অনেক সময় এসবের সংমিশ্রণে স্মৃতিতে ভেসে ওঠে এক অদ্ভুত ‘মায়ার ঘ্রাণ’। তবে বাস্তবিকভাবে এসবের কোনোটিই প্রকৃত বয়স্ক মানুষের ঘ্রাণ নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, বয়স্ক মানুষের শরীরের এই বিশেষ ঘ্রাণটি হলো ‘২-ননেনাল’ নামের একটি পদার্থের ফল। রাসায়নিকভাবে এটি এক ধরনের অ্যালডিহাইড। এর ঘ্রাণ কিছুটা গুমোট বা ভ্যাপসা ধরনের হয়ে থাকে। এই স্যাঁতসেঁতে ও পুরোনো ধাঁচের বিশেষ ঘ্রাণটিই মূলত বয়স্ক মানুষের ঘ্রাণ হিসেবে পরিচিত।

ত্বকের স্বাভাবিক তৈলাক্ত নিঃসরণে যে ফ্যাটি অ্যাসিড থাকে, বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিক নিয়মেই তার গঠন পরিবর্তিত হয়। একই সাথে ত্বকের সুরক্ষাব্যবস্থাও ক্রমশ দুর্বল হতে থাকে। দৈনন্দিন জীবনের স্বাভাবিক প্রক্রিয়ায় যখন ওই ফ্যাটি অ্যাসিডগুলো ভেঙে যায়, তখনই সৃষ্টি হয় ২-ননেনাল। এটি সম্পূর্ণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। তবে ২-ননেনাল কতটা তৈরি হবে কিংবা ত্বকে এর পরিমাণ কতটুকু থাকবে, তা ব্যক্তিভেদে ভিন্ন হয়। ধারণা করা হয়, এর সাথে জিনগত বৈশিষ্ট্য, ত্বকের তেলের গঠন, খাদ্যাভ্যাস, পোশাক, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ এবং সামগ্রিক স্বাস্থ্যের সম্পর্ক থাকতে পারে।

বয়সের সাথে সাথে শরীরে বয়স্ক মানুষের ঘ্রাণ আসাটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় এবং এর সাথে অপরিচ্ছন্নতার কোনো সম্পর্ক নেই। ঠিক কোন বয়সে এই পরিবর্তন শুরু হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন হলেও, সাধারণত ৪০ বছর বা তার কাছাকাছি বয়সে এই ঘ্রাণ আসা শুরু হতে পারে।

ঘাম যেভাবে ধুয়েমুছে পরিষ্কার করা যায়, ২-ননেনাল সেভাবে সরিয়ে ফেলা সম্ভব নয়। তাই খুব সহজে এই ঘ্রাণ পুরোপুরি দূর করা যায় না। তবে ধারণা করা হয়, কিছু নির্দিষ্ট উপকরণ ব্যবহার করলে ২-ননেনাল কমানো যেতে পারে, যদিও বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। অস্বস্তি এড়াতে আপনি নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারেন—

পর্যাপ্ত পানি পান করুন।

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান (যেমন বিভিন্ন রঙের শাকসবজি ও ফলমূল)।

রোদে গেলে নিয়মমাফিক সানস্ক্রিন ব্যবহার করুন, যাতে রোদের প্রভাবে ত্বকের ক্ষতি না হয়। তবে শরীরে ভিটামিন ডি তৈরির জন্য সানস্ক্রিন ছাড়া কিছু সময় রোদে থাকার কথা ভুলে যাবেন না।

নিয়মমাফিক গোসল করুন।

ধূমপান থেকে বিরত থাকুন।

এমন পোশাক পরুন যার মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে এবং ঘাম হলে দ্রুত জামাকাপড় বদলে ফেলুন।

ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

প্রয়োজনে শরীরে কিংবা ঘরে সুগন্ধি ব্যবহার করুন।

সূত্র: দ্য গার্ডিয়ান