যেকোনো বয়সে নতুন তিল ওঠা কি আদতেই স্বাভাবিক? নাকি ছোট্ট একটি তিলেও মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে? এই বিষয়ে বিস্তারিত জানতে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম-এর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি সাজিয়েছেন রাফিয়া আলম।
জন্মগতভাবেই অনেক শিশুর শরীরে এক বা একাধিক তিল থাকতে পারে। আবার এমন অনেক শিশু থাকে যাদের জন্মের সময় শরীরে কোনো তিল থাকে না। তবে জন্মের সময় তিলের সংখ্যা যাই হোক না কেন, শৈশব কিংবা কৈশোরের সময়ে এই তিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শৈশব ও কৈশোরে তিলের সংখ্যা বাড়া অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে কেবল এই সময়েই নয়, জীবনের যেকোনো পর্যায়ে নতুন তিল দেখা দিতে পারে।
অন্যদিকে, বয়স বাড়ার সাথে সাথে তিলের রঙের পরিবর্তন হতে পারে; অনেক সময় তিলের রং মলিন হয়ে যায়। এমনকি কারও কারও ক্ষেত্রে কিছু তিল সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে। এছাড়া গর্ভধারণের সময় হরমোনের প্রভাবে নারীদের শরীরে আগে থেকে থাকা তিলগুলো আরও গাঢ় রঙের হয়ে উঠতে পারে। এই ধরনের পরিবর্তনগুলো সাধারণত স্বাভাবিক হিসেবেই গণ্য করা হয়।
বয়স বৃদ্ধির সাথে সাথে তিলের সংখ্যা কেন বাড়ে, তার সুনির্দিষ্ট কারণ বিজ্ঞানীদের কাছে এখনও রহস্য হয়ে আছে। তবে ধারণা করা হয়, সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকার ফলে অনেকের তিলের সংখ্যা বৃদ্ধি পায়। সময়ের সাথে সাথে এই প্রভাব আরও স্পষ্ট হতে পারে।
তিলের সংখ্যার পেছনে জিনগত বা বংশগত প্রভাবও কাজ করে। উদাহরণস্বরূপ, যদি বাবা বা মায়ের শরীরে প্রচুর তিল থাকে, তবে সন্তানও সেই বৈশিষ্ট্যটি পেতে পারে। এই জিনগত তিলগুলো জীবনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে শরীরে প্রকাশ পেতে পারে।
সাধারণত কেবল তিলের সংখ্যা বাড়লে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। তবে অনেকে একে সৌন্দর্যহানিকর মনে করেন। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিল অপসারণ করা সম্ভব।
তিলগুলো ত্বকের সমতলে থাকতে পারে অথবা কিছুটা উঁচু হতে পারে। তিলের ওপর থেকে চুল গজানো খুব সাধারণ বিষয়, তাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে তিল অপসারণ করা কোনো বাধ্যতামূলক বা ‘আবশ্যক’ বিষয় নয়; এটি সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব পছন্দের ওপর নির্ভর করে।
তবে নতুন বা পুরোনো—যেকোনো তিলের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ খেয়াল রাখা অত্যন্ত জরুরি, কারণ এগুলো অনেক সময় ত্বকের ক্যানসারের উপসর্গ হতে পারে। নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন:
তিলের প্রান্ত (বর্ডার) এবড়োখেবড়ো হলে।
আগে থেকে থাকা কোনো তিলের আকার-আকৃতি বদলে গেলে।
আগে থেকে থাকা কোনো তিলের রং বদলে গেলে (রং মলিন বা গাঢ় হওয়া নয়, বরং পুরোপুরি বদলে যাওয়া)।
একটি তিলে একাধিক রং থাকলে।
তিলে ব্যথা বা চুলকানি হলে।
তিল থেকে রক্তক্ষরণ হলে।
তিলের জায়গাটা ফুলে গেলে এবং লালচে হয়ে উঠলে।
তিলের জায়গাটার চামড়া উঠে এলে বা জায়গাটায় ক্ষত হয়ে গেলে।
কয়েক সপ্তাহেও সারে না, এমন যেকোনো অস্বাভাবিক দাগ দেখা গেলে।
তবে মনে রাখা প্রয়োজন, এই ধরনের উপসর্গ দেখলেই যে ক্যানসার হয়েছে, তেমনটি ভাবার কারণ নেই। আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চিকিৎসক পরিস্থিতি অনুযায়ী ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে রোগনির্ণয় করে থাকেন। সমস্যা যাই হোক না কেন, দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণ করলে তা সহজেই নিরাময় করা সম্ভব।