মানুষের প্রতিভা থাকলেও সঠিক সহযোগিতা ও উৎসাহ ছাড়া সর্বোচ্চ শিখরে পৌঁছানো প্রায় অসম্ভব। পল্লীকবি জসীমউদ্দীনের ক্ষেত্রে ড. দীনেশচন্দ্র সেন ছিলেন ঠিক তেমনই এক অনুপ্রেরণা ও সহায়তার নাম। রক্তের সম্পর্ক না থাকলেও জসীমউদ্দীনের জীবনে তিনি হয়ে উঠেছিলেন একজন আদর্শ পিতার মতো। রাজধানীর জসীমউদ্দীন রোডে কবির শোবার ঘরের খাটের দুই পাশে দুটি ছবি টাঙানো আছে—একটি তাঁর জন্মদাতা পিতার এবং অন্যটি দীনেশচন্দ্র সেনের। একটি সাধারণ পথচলা কীভাবে এক অবিচ্ছেদ্য দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ নিল, সেই সফরের কথা এখানে বর্ণিত হয়েছে।
তরুণ জসীমউদ্দীন গ্রামবাংলার গান সংগ্রহ করে স্রেফ সামান্য উৎসাহ পাওয়ার আশায় কলকাতায় দীনেশবাবুর কাছে গিয়েছিলেন। সেই সাক্ষাতের পর তিনি কেবল উৎসাহই পাননি, বরং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাম্যগাথা সংগ্রাহক হিসেবে মাসে ৭০ টাকা বেতনে চাকরি পান। তখন তিনি আইএ ক্লাসে পড়ছিলেন এবং পড়াশোনার ক্ষতি নিয়ে চিন্তিত ছিলেন। তখন দীনেশবাবু তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘তোমার পড়াশুনার কিছু আটকাবে না। ছুটির মধ্যে গ্রামে যেয়ে গান সংগ্রহ কোরো। অন্য সময় পড়াশুনা কোরো।’
জসীমউদ্দীন হয়তো দীনেশবাবুর দিকে এক কদম এগিয়েছিলেন, কিন্তু দীনেশবাবু তাঁর জীবনে দশ কদম এগিয়ে এক গভীর প্রভাব রেখে গেছেন। ‘কবর’ কবিতাটি জসীমউদ্দীন একপ্রকার জোর করেই দীনেশবাবুকে পড়তে দিয়েছিলেন। শুরুতে তিনি তা নাকচ করে দিয়ে বলেছিলেন, ‘তোমার নিকট আমি কবিতা রচনা চাই না। কবিতা রচনা করার বহু লোক বাঙলাদেশে আছে। কিন্তু গ্রামের অশিক্ষিত চাষীকবিদের গ্রাম্যগানগুলি সংগ্রহ করবার লোক মোটেই নেই।’
পরবর্তীতে কল্লোল পত্রিকায় কবিতাটি প্রকাশের পর জসীমউদ্দীন চিঠিতে লিখেছিলেন, ‘আপনি আমার কবিতা পড়েন না। এ মাসে “কল্লোলে” আমার “কবর” নামে একটি কবিতা ছাপা হয়েছে। যদি পড়েন, খুব খুশি হব।’ কবিতাটি পড়ার পর দীনেশবাবু আবেগপ্লুত হয়ে দীর্ঘ এক চিঠিতে লিখেছিলেন, ‘দূরাগত রাখালের বংশীধ্বনির মতো তোমার কবিতা আমার অন্তরকে স্পর্শ করেছে। তোমার কবিতা পড়ে আমি অনেক চোখের জল ফেলেছি।’ এর জবাবে জসীমউদ্দীন লিখেছিলেন, ‘এমন কত কবিতাই রচনা করেছি। কিন্তু কোন ভাল মাসিক পত্রিকাই তা ছাপে না। কবিতা লিখে আর কি হবে?’
মাসখানেক পর দীনেশবাবু ‘তিলক’ সংখ্যার ফরওয়ার্ড পেজে ‘অ্যান ইয়ং মোহামেডান পোয়েট’ শিরোনামে একটি প্রবন্ধ লিখে ‘কবর’ কবিতার ভূয়সী প্রশংসা করেন। এরপর থেকে কবির কবিতা প্রকাশ সহজ হয়ে যায়। জসীমউদ্দীন যখন বিএ ক্লাসের ছাত্র, তখন তাঁর ‘কবর’ কবিতাটি ম্যাট্রিক ক্লাসের পাঠ্য করা হয়, যেখানে দীনেশবাবুর ভূমিকা ছিল অনস্বীকার্য।
‘নক্সী কাঁথার মাঠ’ প্রকাশের ক্ষেত্রেও দীনেশবাবুর পরামর্শ ছিল অগ্রণী। জসীমউদ্দীন যখন এটি ‘প্রবাসী’ পত্রিকায় পাঠানোর সিদ্ধান্ত নেন, তখন দীনেশবাবু সতর্ক করে বলেন, ‘না না, তুমি কবিতাটি “প্রবাসী” হতে ফেরত নিয়ে এসো। ওরা ছাপালে খুব ছোট-অক্ষরে ছাপাবে। হয়ত দুই-তিনবারে প্রকাশ করবে। তাতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে না। কলকাতার সবচাইতে বড় প্রকাশককে দিয়ে তোমার বই প্রকাশের ব্যবস্থা করব। শিগগির “প্রবাসী” হতে তোমার পাণ্ডুলিপি নিয়ে আসো।’
দীনেশবাবুর তদবিরেই গুরুদাস কোম্পানি জসীমউদ্দীনকে শরৎচন্দ্র বা দীনেশচন্দ্র সেনের সমান হারে কমিশন প্রদান করে। এ বিষয়ে কবি লিখেছিলেন, ‘আমার মতো একজন অখ্যাত লেখকের লেখা ছাপাইয়া তাঁহারা যে আমাকে এতটা সুযোগ–সুবিধা দিলেন তাহা সম্ভব হইল শুধু দীনেশবাবুর তদবিরে।’
শয্যাশায়ী অবস্থায় বহুমূত্র রোগে আক্রান্ত হয়েও দীনেশবাবু জসীমউদ্দীনকে দ্রুত বইটি ছাপানোর তাগিদ দিয়ে লিখেছিলেন, ‘তোমার “নক্সী কাঁথার মাঠ” বইখানা আমি বেঁচে থাকতে ছাপিয়ে ফেল। আমি মরে গেলে আমার মতো করে অন্য কেউ তোমার বই-এর সমালোচনা করবে না। তোমার বই ছাপা হলে আমি তার উপর এক বিস্তৃত সমালোচনা লিখব। তাতে বাঙলাদেশের পাঠকসমাজে তোমার বই-এর কদর হবে।’
বইটি প্রকাশের পর শুরুতে খুব একটা সাড়া না পড়লে দীনেশবাবু নিজেই বারো-তেরো পৃষ্ঠার একটি বিস্তারিত সমালোচনা লেখেন, যার ফলে বইটি ব্যাপক জনপ্রিয় হয় এবং বিক্রি বাড়তে থাকে। এই কৃতজ্ঞতা প্রকাশ করে কবি লিখেছিলেন, ‘এই একটি মানুষ আমার জীবনে আমাকে এক অবস্থা হইতে আর এক অবস্থায় আনিয়া দাঁড় করাইয়াছেন। তাঁহার সঙ্গে যদি আমার দেখা না হইত, হয়ত আইএ পর্যন্ত পড়াশুনা করিয়াই আমার ছাত্রজীবন শেষ করিতে হইত। হয়ত কোন অফিসের কেরানি হইয়া অথবা কোন গ্রাম্য স্কুলের স্বল্প বেতনের শিক্ষক হইয়া আমাকে জীবন কাটাইতে হইত।’
১৯২৯ সালে বিএ পাসের পর জসীমউদ্দীন যখন এমএ পড়তে কলকাতায় যান, তখন দীনেশবাবুর সুপারিশের চিঠির বদৌলতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। জসীমউদ্দীন স্মৃতিচারণ করে বলেন, ‘ক্লাসে পড়াইতে তিনি পুস্তকের সাহায্য লইতেন না। এক একদিন এক একটি বিষয় লইয়া তিনি আলোচনা করিতেন। সে আলোচনায় তিনি যে কাব্যরস সৃষ্টি করিতেন তাহাতে আমরা মুগ্ধ হইয়া যাইতাম। কোনদিন তিনি চণ্ডীদাসের কবিতা লইয়া আলোচনা করিতেন। চণ্ডীদাসের এক একটি পদ আবৃত্তি করিয়া তিনি যেন বিনা সুতার মালা গাঁথিতেন। রাধাকৃষ্ণের ভালবাসাকে প্রথমে তিনি মর্তভূমিতে স্থাপন করিয়া ধীরে ধীরে তাহা স্বর্গলোকে লইয়া যাইতেন। তাঁহার আবৃত্তিতে তিনি যেন কবির পদগুলি আমাদের অন্তরে ধরিয়া ধরিয়া চিত্রকল্প করিয়া লিখিয়া দিতেন।’
শিক্ষক হিসেবে তাঁর গর্বের কথা উল্লেখ করে দীনেশবাবু একবার ক্লাসে বলেছিলেন, ‘আমি গৌরবান্বিত যে, আমি বঙ্গভাষা ও সাহিত্যের ইতিহাস লিখেছি এবং আরও গৌরবান্বিত যে, আমি ময়মনসিংহ গীতিকার মতো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ আবিষ্কার করে পৃথিবীর রস-পিপাসুদের সামনে তুলে ধরেছি কিন্তু সবচাইতে আমার গৌরব যে, আমি কবি জসীমউদ্দীনের শিক্ষক হতে পেরেছি।’
তবে জীবনের শেষ সময়টি ছিল অত্যন্ত কষ্টের। অসিতকুমার বন্দ্যোপাধ্যায় তাঁর ‘স্মরণের সরণী বাহি’ বইয়ে লিখেছেন, ‘কোনও পদ থেকে অবসর নিলেই একদিনেই যেন সব শক্তি, কর্মক্ষমতা, প্রভাবপ্রতিপত্তি নিভে যায়। দীনেশচন্দ্রের বেলায় তা নির্মম সত্যরূপে দেখা দিল। সাহিত্যের অমিত্রেরা এবার তাঁর লেখার বিরুদ্ধে প্রবল বিক্রমে অস্ত্রক্ষেপ করতে লাগলেন, ব্যঙ্গবিদ্রূপে তাঁকে যেন ঝাঁঝরা করে দিলেন। এদিকে পরিবারেও নানা কারণে শান্তি ছিল না।’
নিঃস্ব হয়ে পড়া সেই সময়ে দীনেশবাবু তাঁর ‘বৃহৎ বঙ্গ’ বইটির মতামতের জন্য জসীমউদ্দীনকে অনুরোধ করেন। কবি লিখেছিলেন, ‘এই গ্রন্থ লিখিয়া তিনি অনেকের কাছে অভিমত চাহিয়া পাঠান। আমাকেও তিনি বারবার আদেশ করেন এই গ্রন্থের উপরে কিছু লিখিতে। নিজে কিছু লিখিয়া যাঁর এতটুকু মতামত পাইলে গৌরবে আত্মহারা হইয়া উঠিতাম, তাঁর পুস্তকের উপরে আমি আর কি অভিমত দিব। আমি এ-বিষয়ে তাঁহাকে এড়াইয়া যাইতাম।’
অবশেষে জসীমউদ্দীন কিছু লিখে দিলে দীনেশবাবু তা যত্নে পকেটে রাখেন। সেই দৃশ্য দেখে কবি বলেন, ‘কাগজ-কলম লইয়া কিছু লিখিয়া দিলাম। তিনি অতি যত্নের সঙ্গে তাহা পকেটে পুরিলেন। আমার চক্ষু দুইটি অশ্রুসজল হইয়া উঠিল। সেই মহামহীরুহ হিমাচল আজ তাঁর পুস্তকের উপর মতামতের জন্য আমার মতো একজন নগণ্য লোকের মতামতের জন্য এত উদ্গ্রীব। এ যেন একটি স্রোতে-পড়া লোক তৃণখণ্ডের আশ্রয় খুঁজিয়া বেড়াইতেছেন। কিছুদিন পরে দেখিলাম, “বৃহৎ বঙ্গ”র শেষের দিকে আমার সেই লেখাটি ছাপা হইয়াছে।’
দীনেশচন্দ্র সেন প্রায়ই বলতেন, ‘আমার বাংলা সাহিত্যের জন্য যে তপস্যা করবে আমি তার জন্য চুরি করতে প্রস্তুত আছি।’ জসীমউদ্দীন তাঁর এই নিঃস্বার্থ দান সম্পর্কে বলেন, ‘এই মহামহীরুহ এতদিন ছায়া দিয়া, ফুল-পুষ্প দিয়া কত শত-সহস্র লোককে পরিতৃপ্ত করিয়াছেন। আজ হৃতসর্বস্ব হইয়াও তাঁহার সেই দানের স্পৃহা যায় নাই; ভগ্ন শাখার শেষ দলটি দান করিয়া আমাকে ধন্য করিয়া যাইতেছেন।’
দীনেশচন্দ্র সেনের মৃত্যুর পর কবি তাঁর ‘স্মরণের সরণী বাহি’ এবং ‘যাদের দেখেছি’ বইয়ে লিখেছেন, ‘তিনি আমার আত্মীয় নন, পরিজন নন। তাঁর জন্য আমার সেই ক্রন্দনে কে আর সমব্যথী হইবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনাকীর্ণ প্রান্তর হইতে নিজের ঘরে ফিরিয়া আসিলাম। আজ যে আমার পিতৃবিয়োগ হইল তাহা কে বুঝিবে?’ এবং ‘তাঁহার (দীনেশচন্দ্র) মৃত্যুতে বাংলা দেশের যে ক্ষতি হইল, বাঙলা সাহিত্যগগনে একদা নূতন নক্ষত্রের উদয় হইয়া সেই ক্ষতির হয়তো কতকটা পূরণ হইবে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যাহা হারাইলাম তাহা আর কোনো দিনই পাইব না।’