নামাজে সুরা ফাতেহা পাঠ করার সময় আমরা অনেকেই হয়তো লক্ষ্য করি না যে, এর প্রতিটি আয়াতের একটি নির্দিষ্ট উত্তর রয়েছে। এই বিষয়ে মহানবী (সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।

বান্দা যখন বলে “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার প্রশংসা করেছে।” যখন বলে “আর-রাহমানির রাহিম”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার গুণগান করেছে।”

যখন বলে “মালিকি ইয়াওমিদ্দিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে।” যখন বলে “ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন”, আল্লাহ বলেন, “এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”

আর যখন বলে “ইহদিনাস সিরাতাল মুস্তাকিম...” থেকে শেষ পর্যন্ত, আল্লাহ বলেন, “এটি আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৯৫)

এই হাদিসটিই মূলত সুরার অভ্যন্তরীণ নকশার প্রথম ইঙ্গিত দেয়। এখানে তিনটি আয়াত আল্লাহর জন্য, মাঝের একটি আয়াত আল্লাহ ও বান্দা উভয়ের জন্য এবং শেষ তিনটি আয়াত বান্দার জন্য নির্ধারিত।

নামাজে এই সুরা পাঠ করা ফরজ। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না, তার নামাজ হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৫৬)

আর এই কারণেই সুরাটি একজন মুসলিমের জীবনে সবচেয়ে বেশি পঠিত অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এর ভেতরে যে সুনিপুণ গঠন রয়েছে, তা নিয়ে আমরা খুব কমই চিন্তা করি।

কোরআন কি এলোমেলো বিন্যাসের?
কোরআন পাঠ করার সময় একজন সাধারণ পাঠকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে, একই সুরায় বিশ্বাস, বিধান এবং ইতিহাস কেন একত্রে চলে আসে? পশ্চিমা সমালোচকদের অনেকেই এই বিষয়ে কঠোর মন্তব্য করেছেন। কেউ কেউ কোরআনকে ‘ক্লান্তিকর, বিভ্রান্তিকর জট’ বলে অভিহিত করেছেন, আবার কেউ সুরার ভেতরের সংযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তবে গত কয়েক দশকে বিপরীত ধারার গবেষণার প্রসার ঘটেছে। ভারতীয় উপমহাদেশে হামিদুদ্দিন ফারাহি এবং আমিন আহসান ইসলাহি কোরআনের বিভিন্ন সুরার অন্তর্গত সংযোগ ও বিন্যাস নিয়ে বিস্তারিত কাজ করেছেন।

অন্যদিকে পশ্চিমে মিশেল কুইপার্স এবং র‍্যামন্ড ফারিন প্রমাণ করতে চেয়েছেন যে, সুরাগুলোতে ‘রিং কম্পোজিশন’ বা বৃত্তাকার বিন্যাস কাজ করে। (মিশেল কুইপার্স, দ্য কম্পোজিশন অব দ্য কুরআন: রেটোরিক্যাল অ্যানালিসিস, ব্লুমসবারি, ২০১৫; র‍্যামন্ড ফারিন, স্ট্রাকচার অ্যান্ড কুরআনিক ইন্টারপ্রিটেশন, হোয়াইট ক্লাউড প্রেস, ২০১৪)

রিং কম্পোজিশন হলো প্রাচীন সেমিটিক ও আরবি সাহিত্যের একটি পরিচিত কাঠামো। এই পদ্ধতিতে কোনো রচনার শুরু ও শেষ অংশ একে অপরের প্রতিধ্বনি করে এবং মূল বক্তব্যটি থাকে ঠিক মাঝখানে। (মেরি ডগলাস, থিংকিং ইন সার্কলস: অ্যান এসে অন রিং কম্পোজিশন, ইয়েল ইউনিভার্সিটি প্রেস, ২০০৭)

সুরা ফাতেহার ক্ষেত্রে এই বিশ্লেষণের ভিত্তি হলো মুস্তানসির মিরের ১৯৯৯ সালের একটি গবেষণাপত্র। (মুস্তানসির মির, “ কনট্রাপুন্তাল হারমনি ইন দ্য থট, মুড অ্যান্ড স্ট্রাকচার অব সুরাহ ফাতিহা” , রেনেসাঁস, খণ্ড ৯, ১৯৯৯)।

র‍্যামন্ড ফারিন তাঁর বইয়েও এই সুরার প্রতিসম গঠন নিয়ে আলোচনা করেছেন। তাঁর মতে, প্রথম অংশ ‘তোমারই ইবাদত’ পেছনের তিন আয়াতের দিকে ফিরে তাকায়, যেখানে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আর দ্বিতীয় অংশ ‘তোমারই সাহায্য’ সামনের তিন আয়াতের দিকে এগিয়ে যায়, যেখানে বান্দা সঠিক পথ দেখানোর আবেদন জানাচ্ছে।

তিন পর্বের বৃত্তাকার বিন্যাস
সুরাটিকে নিম্নোক্তভাবে সাজানো যায়:
প্রথম পর্ব (আয়াত ১-৩): যাঁর ইবাদত করা হয়, তাঁর পরিচয় ও প্রশংসা।
মধ্য পর্ব (আয়াত ৪): ইবাদত ও সাহায্যের অঙ্গীকার।
শেষ পর্ব (আয়াত ৫-৭): হেদায়েতের প্রার্থনা।

এই কাঠামোর কেন্দ্রবিন্দু হলো মাঝের আয়াতটি: ‘আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই।’ (সুরা ফাতেহা, আয়াত: ৪)

আয়াতের প্রথম অংশ ‘তোমারই ইবাদত’ পেছনের তিন আয়াতের দিকে ফিরে তাকায়, যেখানে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় অংশ ‘তোমারই সাহায্য’ সামনের তিন আয়াতের দিকে এগিয়ে যায়, যেখানে বান্দা পথ দেখানোর আবেদন করছে।

প্রথম বৃত্ত: মহিমার দুই প্রান্তে রহমত
প্রথম তিন আয়াতে চারটি গুণের কথা বলা হয়েছে, যা আয়নার মতো মুখোমুখি সাজানো:
১. ‘সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর।’ (সুরা ফাতেহা, আয়াত: ১)
২. ‘যিনি পরম করুণাময়,’ (সুরা ফাতেহা, আয়াত: ২)
৩. ‘অতি দয়ালু।’ (সুরা ফাতেহা, আয়াত: ২)
৪. ‘বিচার দিনের মালিক।’ (সুরা ফাতেহা, আয়াত: ৩)

প্রথম ও শেষ গুণে আল্লাহর প্রতিপালকত্ব ও কর্তৃত্ব ফুটে উঠেছে, আর মাঝের দুটিতে রয়েছে রহমত। শুরুর ‘প্রতিপালক’ এবং শেষের ‘মালিক’ শব্দ দুটি পাশাপাশি রাখলে দেখা যায়, একদিকে এই দুনিয়ায় লালন-পালন এবং অন্যদিকে বিচারের দিনে চূড়ান্ত কর্তৃত্ব। আর এই দুইয়ের ঠিক মাঝখানে রাখা হয়েছে রহমতকে।

ইমাম ফখরুদ্দিন রাজি সুরার তাফসিরে এই গঠনের তাৎপর্য খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন, ‘রাহমান-রাহিম’ বিসমিল্লাহ ও সুরায় দুবার এসেছে, যা প্রমাণ করে অন্য সব গুণের চেয়ে রহমতের প্রতি বেশি গুরুত্ব। তবু এর পরই এসেছে ‘মালিকি ইয়াওমিদ্দিন’, যাতে মানুষ কেবল রহমতের ভরসায় গাফেল না হয়ে যায়। (আর-রাজি, মাফাতিহুল গাইব, সুরা ফাতেহার তাফসির)

দ্বিতীয় বৃত্ত: সঠিক পথ ও তার বিপরীত
শেষ তিন আয়াতেও একই ধরনের প্রতিসম বিন্যাস লক্ষ্য করা যায়:
১. ‘আমাদের সরল পথ দেখাও।’ (সুরা ফাতেহা, আয়াত: ৫)
২. ‘তাদের পথ, যাদের তুমি অনুগ্রহ করেছ।’ (সুরা ফাতেহা, আয়াত: ৬)
৩. ‘তাদের পথ নয়, যারা গজবপ্রাপ্ত,’ (সুরা ফাতেহা, আয়াত: ৭)
৪. ‘আর যারা পথভ্রষ্ট, তাদেরও নয়।’ (সুরা ফাতেহা, আয়াত: ৭)

বাইরের দুই প্রান্তে রয়েছে হেদায়েত এবং তার বিপরীত পথভ্রষ্টতা। আর ভেতরের দুই প্রান্তে রয়েছে অনুগ্রহ এবং তার বিপরীত গজব।

এই বিন্যাসের একটি সূক্ষ্ম দিক আরবি বাক্যগঠনে ধরা পড়ে। ‘আনআমতা আলাইহিম’ (তুমি অনুগ্রহ করেছ) কথাটি সরাসরি আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয়েছে। কিন্তু ‘গজব’ শব্দটি এসেছে কর্মবাচ্যে, ‘আল-মাগদুবি আলাইহিম’ (যাদের ওপর গজব নাজিল হয়েছে), যেখানে কে গজব দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

তাফসিরকারেরা একে আদবের শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন; অর্থাৎ কল্যাণ আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়, কিন্তু মন্দ নয়। (ইবনু জুজাই, আত-তাসহিল, সুরা ফাতেহার ৭ নম্বর আয়াতের তাফসির; সিদ্দিক হাসান খান কান্নুজি, ফাতহুল বায়ান, সুরা ফাতেহার ৭ নম্বর আয়াত)

কোরআনের অন্য জায়গায় নবী ইব্রাহিমের মুখেও একই আদবের বহিঃপ্রকাশ দেখা যায়: ‘আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দেন।’ (সুরা শুআরা, আয়াত: ৮০)

অসুস্থতার কথা বলতে গিয়ে তিনি রোগের উৎস হিসেবে আল্লাহকে বলেননি, বরং আরোগ্যের উৎস হিসেবে উল্লেখ করেছেন।

সুরা ফাতেহার মতো ছোট সুরার এই সুষমা একজন বিশ্বাসী মুসলিমের কাছে কোরআনের খোদায়ী উৎসের নিদর্শন। তবে যারা বিশ্বাস করেন না, তারাও অন্তত স্বীকার করবেন যে কোরআনকে ‘বিক্ষিপ্ত’ বা ‘এলোমেলো’ বলা মোটেও যুক্তিসঙ্গত নয়।

আল্লাহর অংশ ও বান্দার অংশ
শুরুতে উল্লিখিত হাদিসের কথা মনে করা যাক। সেখানে আল্লাহ প্রতিটি অংশের জবাব নির্দিষ্ট করে দিয়েছেন: প্রথম তিন আয়াত তাঁর প্রশংসা, মাঝের আয়াত উভয়ের জন্য এবং শেষ আয়াতগুলো বান্দার প্রয়োজনের জন্য। সুরার নকশা এই বিভাজনের সাথে হুবহু মিলে যায়।

ইমাম ইবনে কাসির বলেন, ‘ইয়্যাকা নাবুদু’ ও ‘ইয়্যাকা নাসতাইন’ মিলে ধর্মের সমস্ত মর্ম ধরে রেখেছে। আগের অংশ শিরক থেকে মুক্তি, পরের অংশ নিজের সামর্থ্যের ওপর ভরসা ছেড়ে আল্লাহর ওপর নির্ভরতা। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, সুরা ফাতেহার ৫ নম্বর আয়াত)

ব্যাকরণগত ভারসাম্য
আরবি ব্যাকরণে বাক্য দুই ধরনের হয়: ‘জুমলা ইসমিয়া’ (বিশেষ্য দিয়ে শুরু) এবং ‘জুমলা ফেলিয়া’ (ক্রিয়া দিয়ে শুরু)। সুরা ফাতেহার প্রথম তিন আয়াত সম্পূর্ণ বিশেষ্যভিত্তিক বাক্য, আর ৫ থেকে ৭ নম্বর আয়াতগুলো ক্রিয়াভিত্তিক, কারণ ‘ইহদিনা’ (আমাদের পথ দেখাও) একটি ক্রিয়া।

মুস্তানসির মির দেখিয়েছেন, বিশেষ্যভিত্তিক বাক্য স্থায়িত্ব (আরবিতে ‘দাওয়াম’) বোঝায় এবং ক্রিয়াভিত্তিক বাক্য ঘটনা ও পরিবর্তন (‘হুদুস’) বোঝায়। তাই যিনি চিরন্তন, তাঁর বর্ণনা বিশেষ্যে করা হয়েছে। আর যে মানুষ সময়ের ভেতরে চলে, নির্ভর করে এবং প্রার্থনা করে, তার কথা বলা হয়েছে ক্রিয়ায়। (মুস্তানসির মীর, প্রাগুক্ত)

মাঝের আয়াতটি এই দুইয়ের মধ্যে সেতু হিসেবে কাজ করে। ‘ইয়্যাকা নাবুদু’ শুরু হয়েছে বিশেষ্যসম সর্বনাম ‘ইয়্যাকা’ (তোমাকে) দিয়ে এবং শেষ হয়েছে ক্রিয়া ‘নাবুদু’ (আমরা ইবাদত করি) দিয়ে। মির একে বলেছেন ‘জুমলাতুন জাতু ওয়াজহাইন’, অর্থাৎ দুমুখো বাক্য। ফলে এই আয়াতে দুই ব্যাকরণের মিলন ঘটেছে।

তবে ‘ইয়্যাকা’ শব্দটিকে আগে আনার আরও গভীর অর্থ রয়েছে। সাধারণ নিয়মে ক্রিয়া আগে এবং কর্ম পরে আসে, যেমন ‘আমরা তোমার ইবাদত করি’। কিন্তু এখানে কর্মকে আগে আনার ফলে অর্থ দাঁড়িয়েছে ‘শুধু তোমারই, আর কারও নয়’।

ইমাম জামাখশারি তাঁর আল-কাশশাফ গ্রন্থে এবং ইমাম রাজি মাফাতিহুল গাইব গ্রন্থে লিখেছেন, কর্মকে এভাবে আগে আনা হয়েছে বিশেষত্ব বোঝানোর জন্য।

উপসংহার
রিং কম্পোজিশনের এই বিশ্লেষণ নিয়ে একাডেমিক মহলে কিছু আপত্তিও রয়েছে। কেউ কেউ মনে করেন, পুরো কোরআন জুড়ে ব্যাপকভাবে এই রিং-কাঠামো দাবি করা কিছুটা বাড়াবাড়ি।

তবে সুরা ফাতেহার মতো ছোট সুরার এই সুষমা একজন বিশ্বাসী মুসলিমের কাছে খোদায়ী উৎসের নিদর্শন, আর অবিশ্বাসীদের কাছেও এটি প্রমাণ করে যে কোরআনকে ‘বিক্ষিপ্ত’ বা ‘এলোমেলো’ বলা মোটেও যুক্তিসঙ্গত নয়।

সাত আয়াতের এই ছোট্ট সুরায় প্রশংসা, রহমত, ইবাদত, ভরসা এবং পথের সন্ধান একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একটি বৃত্ত তৈরি করেছে। আর তার ঠিক কেন্দ্রে রাখা হয়েছে সেই অঙ্গীকার, যা আমরা দিনে অন্তত সতেরো বার উচ্চারণ করি: ‘শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য চাই।’