বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনে ব্যয়ের চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান গত ছয় মাসে তাদের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে বলে জানিয়েছে। আগামী দুই বছরে এই ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে ৭৬ শতাংশ প্রতিষ্ঠান।

মূলত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির ফলে ব্যবসার পরিচালন ব্যয় বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কের হার এবং নীতিগত অনিশ্চয়তার কারণে অনেক প্রতিষ্ঠান আয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ওপর ভিত্তি করে এই জরিপটি প্রস্তুত করা হয়েছে। ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই জরিপটি পরিচালনা করে।

জরিপের তথ্যানুযায়ী, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় এবং তারল্যসংকট স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের ৫০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে, ৪৯ শতাংশ প্রতিষ্ঠান কাঁচামালের দাম বৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে দেখছে। এছাড়া দেশের ৬৪ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের পর থেকে তাদের কার্যকর মূলধনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়েও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো একই ধরনের চাপের মধ্য দিয়ে যাচ্ছে। জরিপ অনুযায়ী, বিশ্বের ৪৪ শতাংশ প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে খরচ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। এর পরেই রয়েছে শুল্ক (৪৩ শতাংশ) ও পণ্য পরিবহন ব্যয় (৪১ শতাংশ)। বিশ্বব্যাপী ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে এবং আগামী দুই বছরে খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করছে ৭২ শতাংশ প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে অংশ নেওয়া ৩১ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত অনিশ্চয়তার কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ৩২ শতাংশ প্রতিষ্ঠান তাদের রাজস্ব বা আয় কমার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আয় আরও কমতে পারে বলে আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান, যেখানে বৈশ্বিক পর্যায়ে এই হার ২৮ শতাংশ।

তবে এসব প্রতিকূল চ্যালেঞ্জের মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ বাংলাদেশি ব্যবসায়ী আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।

জরিপে সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাসে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অবস্থানের চিত্রও ফুটে উঠেছে। উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে তোলার কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ গ্রহণ করেছে বাংলাদেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান।

দেশের ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অন্তত একটি বাণিজ্যসংশ্লিষ্ট কার্যক্রমে এআই ব্যবহার করে। তবে এআই ব্যবহারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও এই জরিপে উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান অন্তত একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ব্যবহার করে। তবে এসব চুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ জানিয়েছে, চুক্তির পূর্ণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে বাংলাদেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান।