‘কুমিল্লা বাঁচাতে’ দল-মতনির্বিশেষে একজন যোগ্য মেয়র খুঁজে দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি মনে করেন, নগরীর উন্নয়নে একজন দক্ষ মেয়র পাওয়া গেলে বাকি কাজগুলো তিনি সম্পন্ন করবেন। তবে এই বক্তব্যের বিপরীতে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি সংসদ সদস্যের অধীন নন, বরং প্রধানমন্ত্রী তাকে এই দায়িত্ব দিয়েছেন। দুই প্রভাবশালী ব্যক্তিত্বের এমন পরস্পরবিরোধী বক্তব্যে কুমিল্লা নগরীর নেতৃত্ব, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগ্য মেয়র নির্বাচনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সংলাপে তিনি বলেন, ‘ভাই, বন্ধু, দল না দেখে কুমিল্লার জন্য একজন ভালো মেয়র খুঁজে দেন, যে আমাকে সঙ্গ দিতে পারবে। কুমিল্লার জন্য এখন ফরজ একটি কাজ, সবাই মিলে একজন ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একজন ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বলি না উড়ে ভোট দেন। যদি একজন ভালো মেয়র দিতে পারেন, তাহলে কুমিল্লা বাঁচবে। আর তা না হলে ধ্বংসের হাত থেকে রক্ষা নেই।’

নগরীর চলমান উন্নয়নকাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন মনিরুল হক চৌধুরী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড্রেন করলাম, এটা দিয়ে পানি যায় না। কে এটার বিচার করবে!’ এছাড়া কুমিল্লার মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের ৩০ কোটি টাকার ব্যয়ের হিসাব জানতে চেয়ে তিনি বলেন, ‘পাপ যে বাপকে ছাড়ে না, তা দেখাই দেন।’

সংসদ সদস্যের মতে, কেবল প্রকল্প গ্রহণ কিংবা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নগরীর দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয়। উন্নয়নকাজের মান নিশ্চিত করতে হলে সাধারণ নাগরিকদের সচেতন ও সোচ্চার হতে হবে। তিনি ব্যক্তিস্বার্থ চরিতার্থকারী ব্যক্তিদের চিহ্নিত করে নগরীর বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ভিন্ন মত পোষণ করেন। তিনি সাফ জানিয়ে দেন, কুমিল্লা সিটি করপোরেশন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান নয়। তাকে সরাসরি প্রধানমন্ত্রী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওনার কাছে কেন যাব? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন।’

নিজের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা উল্লেখ করে ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আবেদনপত্র নিয়ে কেউ যেন আমার কাছে না আসেন। আমি কেন আবেদনপত্র নিয়ে তার কাছে যাব? স্থানীয় সরকারকে আমি চিনি, মন্ত্রীদের সঙ্গে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে চেনেন এবং তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার এলাকায় কোনো জটিলতা, সমস্যা কিংবা প্রয়োজন দেখা দিলে সেগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলব। এ জন্য কেন আমাকে অন্য কারও কাছে যেতে হবে?’

নিজের রাজনৈতিক অবস্থান ও প্রশাসনিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশাসক বলেন, ‘আমি কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্যের অধীনস্থ কেউ নই। আমার নিজস্ব রাজনৈতিক পরিচয়, অবস্থান ও দায়িত্ব রয়েছে। তাই আমার কাছে কোনো আবেদনপত্র নিয়ে আসার প্রয়োজন নেই। এলাকার সমস্যা সমাধানে আমি আমার নিজস্ব যোগাযোগ ও দায়িত্বের জায়গা থেকেই কাজ করব।’