কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না তারেক রহমান’। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই দৃঢ়তা ও আপসহীনতার প্রশংসা করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বিজয়পুরে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে নির্যাতন সহ্য করেছেন, তা শুধু বাংলাদেশে নয়—এ উপমহাদেশের ৫০০ বছরের রাজনৈতিক ইতিহাসে এমন নজির নেই। এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী যে আপসহীনতা দেখিয়েছেন, তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্টের বিদায় ঘটেছে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা নেত্রীকে আটক করে ১/১১ সৃষ্টি করেছিল। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ায় তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমার ৬৩ বছরের রাজনৈতিক জীবনে এমন অমানুষিক নির্যাতন কারো ওপর চালিয়েছে তা আমি দেখিনি।

মনিরুল হক চৌধুরী জানান, আটকের আগ পর্যন্ত নেত্রীর সাথে তার যোগাযোগ ছিল। দলে তখনকার সময়ে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি বলেন, একবার চিন্তা করেন, নেত্রী তার আদরের সন্তান তারেক রহমানের ওপর এমন নির্যাতনের পরও কারো কাছে আকুতি করেননি, প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। নীরবে-নিভৃতে চোখের পানি ফেলেছেন। সরকার বা কারো কাছে কোনো ধরনের সাহায্য প্রার্থনা করেননি। তার নাম বেগম খালেদা জিয়া। ছিলেন আপসহীনতার এক মূর্ত প্রতীক।

তিনি বলেন, বাংলাদেশে বহু নেতা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু যে নির্যাতন হয়েছে এর নজির শুধু তারেক রহমানই। ভেবেছিলাম সংসদে দাঁড়িয়ে বলব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ওপর যে নির্যাতন চালিয়েছিল সে নির্যাতনের কথা শুনতে চাই; পরে ভাবলাম তিনি বিব্রত হবেন, আর বলা হয়নি। আপনাদের মনে আছে, তিনি দেশে এসে মঞ্চে উঠে কারো সম্পর্কে একটি অভিযোগ করেননি, পতিত আওয়ামী লীগের নামও মুখে নেননি, কাউকে বিষোদ্গার করেননি। শুধু বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর বাংলাদেশ’। এটাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান।

সভায় মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমান এক আল্লাহকে ছাড়া কারো কাছে কখনো মাথা নত করবে না। সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপসহীনতা তার রক্তে বইছে। আজকের এই দিনে আমরা দোয়া করছি—আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন এবং আমাদের নেতা তারেক রহমানকে সুস্থ রাখেন, সঠিক পথে পরিচালিত করেন।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।