বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব প্রদান করেছে সরকার। এই নতুন নিয়োগের আওতায় বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও দুই জন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
আনসার ও ভিডিপি বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। একই আদেশে উল্লেখ করা হয়েছে যে, মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদকে সশ্রস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের লক্ষ্যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।