রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্ট সাবিহা আক্তার এবং পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের ঘটনায় ৫০ লাখ টাকা লেনদেনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাঁদের বিয়ের কাবিননামায় দেনমোহর হিসেবে নির্ধারিত ছিল মাত্র ২ লাখ টাকা। বিয়ের সময় এর মধ্যে পরিশোধ করা হয়েছিল ১০ হাজার টাকা, বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের দিন মাহবুব আলমের কাছ থেকে সাবিহা আক্তার ৫০ লাখ টাকা গ্রহণ করেছিলেন বলে দাবি করেছেন তাঁদের ঘনিষ্ঠ এক ব্যক্তি, সাইফুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী শহরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম এই ৫০ লাখ টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের সময়ই এই বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি তাঁদের বিবাহবিচ্ছেদের প্রয়োজনীয় কাগজপত্রও প্রদর্শন করেন।

সাইফুল ইসলামের দাবি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট তাঁদের বিবাহবিচ্ছেদের দিনই মাহবুব আলম এই ৫০ লাখ টাকা প্রদান করেন। এই অর্থের সংস্থান করতে মাহবুব আলম নিজের এফডিআর ভেঙেছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার নিয়েছিলেন বলে তিনি জানান।

সাইফুলের ভাষ্যমতে, সরাসরি সাবিহার ব্যাংক হিসাবে টাকা জমা না দিয়ে নগদ অর্থ তাঁর হাতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর মালিকানাধীন রাজশাহী শহরের 'নিউরণ নার্সিং কোচিং সেন্টার'-এর ব্যাংক হিসাবে ওই ৫০ লাখ টাকা জমা হয়। একই দিনে সেই অর্থ সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, এত বড় অঙ্কের টাকা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা তাঁর জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না। তবে কাবিননামায় দেনমোহর মাত্র ২ লাখ টাকা নির্ধারিত থাকা সত্ত্বেও বিবাহবিচ্ছেদের সময় কেন ৫০ লাখ টাকা লেনদেন করা হলো, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি সাইফুল ইসলাম।

সম্প্রতি সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে ওই অর্থের প্রকৃত উৎস সম্পর্কে এতদিন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

নিকাহনামার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। কাজি মো. জিল্লুর রহমান এই বিয়ে পড়ান। কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেটের মূল্য বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করা হয় এবং বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

এই পুরো বিষয়টি সম্পর্কে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সাবেক স্ত্রীকে নিয়ে এখন কিছু বলতে চাই না। সময় হলে সবকিছু জানাব।”