বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই তথ্য সামনে আসে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই পদক্ষেপের কথা জানান।
সংসদে উত্থাপিত প্রশ্নে রেহানা আক্তার রানু জানতে চেয়েছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব রিক্রুটিং এজেন্সি অনিয়ম করেছে কিংবা অসৎ কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কি না।
সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী অথবা তাদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি ৫৬টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।”