যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে দীর্ঘ তিন দশকের ব্যবধান ঘুচিয়ে প্রতিনিধি পরিষদে জয়লাভ করেছেন একজন ডেমোক্র্যাট প্রার্থী। সাবেক দাবানলযোদ্ধা এবং শ্রমিকনেতা স্যাম ফোরস্ট্যাগ রিপাবলিকান প্রার্থী অ্যারন ফ্লিন্টকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছেন। তাঁর এই জয় কেবল অঙ্গরাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্ত উন্মোচন করেনি, বরং সরকারি বনভূমি ব্যবস্থাপনা এবং দাবানল মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নতুন আশার সঞ্চার করেছে।

৩২ বছর বয়সী স্যাম ফোরস্ট্যাগ মন্টানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বনাঞ্চল রক্ষা, দাবানল প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলোর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নেতা হিসেবে তিনি লোলো, বিটাররুট ও গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের প্রায় ৮০০ কর্মীর প্রতিনিধিত্ব করেছেন। ফলে সরকারি বন ব্যবস্থাপনা ও দাবানল মোকাবিলার ক্ষেত্রে তাঁর বাস্তব ও সরাসরি অভিজ্ঞতা রয়েছে।

নির্বাচনের আগে ‘দ্য ওয়াইল্ড আইডিয়া’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোরস্ট্যাগ বলেন, “নিয়ন্ত্রিতভাবে বন পোড়ানোর অনুমোদনপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন। একই সঙ্গে দাবানল মোকাবিলায় নিয়োজিত কর্মীদের মূল বেতন বৃদ্ধি করতে হবে।” তাঁর যুক্তি ছিল, কর্মীদের অতিরিক্ত কাজের ওপর নির্ভরতা কমাতে হলে তাঁদের মূল বেতন বাড়ানো জরুরি।

শ্রমিক অধিকারের বিষয়েও সোচ্চার ফোরস্ট্যাগ। শ্রমিকদের ইউনিয়ন গঠন এবং সম্মিলিত দর-কষাকষির অধিকার শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রটেক্টিং দ্য রাইট টু অর্গানাইজ (প্রো) অ্যাক্টের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। ২০২৫ সালের মার্চে ডেমোক্র্যাট সদস্য ববি স্কট প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করলেও তা এখনো কংগ্রেসের কোনো কক্ষে পাস হয়নি।

প্রথম মেয়াদে অগ্রাধিকার

জয়ের পর সমর্থকদের কাছে পাঠানো এক ই-মেইলে ফোরস্ট্যাগ তাঁর প্রথম মেয়াদের চারটি প্রধান অগ্রাধিকারের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো— জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন এবং নির্বাচনী প্রচারে অর্থের প্রভাব হ্রাস করা। তবে নির্বাচনী প্রচারে গুরুত্ব পাওয়া দাবানল মোকাবিলা ও ফরেস্ট সার্ভিসের জনবল বৃদ্ধির বিষয়টি এই চার তালিকার বাইরে ছিল। যদিও পৃথক এক বার্তায় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মন্টানার প্রাকৃতিক বনভূমি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি বনভূমি সংক্রান্ত পরিকল্পনার সমালোচনা করেন ফোরস্ট্যাগ। ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন থেকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি জমি কমানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন।

ফোরস্ট্যাগ বলেন, “তারা আমাদের সরকারি বনভূমি বিক্রি করে দিতে চাইছে; কিন্তু আমরা তা হতে দেব না।”

তিনি আরও জানান, বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য রায়ান জিঙ্কের সঙ্গে যোগাযোগ করে সরকারি জমি বিক্রি বা হস্তান্তরের যেকোনো উদ্যোগের বিরোধিতা করার অনুরোধ জানিয়েছেন। জিঙ্কের দপ্তর থেকেও আলাদাভাবে জানানো হয়েছে যে, তিনি সরকারি জমি বিক্রি ও হস্তান্তরের বিরোধী।

পূর্ব মন্টানার রিপাবলিকান প্রতিনিধি ট্রয় ডাউনিংয়ের সঙ্গেও কাজ করতে আগ্রহী ফোরস্ট্যাগ। ১১ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সরকারি বনভূমি রক্ষার বিষয়ে দুজনের মধ্যে ঐকমত্য হতে পারে। তাঁর ভাষায়, “কংগ্রেসে আমরা একসঙ্গে কাজ করলে মন্টানার জন্য আরও অনেক কিছু করতে পারব।”

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিনিধি পরিষদের ন্যাচারাল রিসোর্সেস কমিটিতে জায়গা পাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, যাতে যুক্তরাষ্ট্রের সরকারি ভূমি ব্যবস্থাপনা নীতিতে প্রভাব রাখার সুযোগ পান।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারের কিছু জমি অঙ্গরাজ্য, আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সরকারের কাছে বিক্রির প্রস্তাব রয়েছে, তবে কোন জমি বিক্রি হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণ

মন্টানা অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ফোরস্ট্যাগ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩ ভোট, যা মোট ভোটের ৫০ দশমিক ৩৪ শতাংশ। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান অ্যারন ফ্লিন্ট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৯৪ ভোট (৪৬ দশমিক ৭৯ শতাংশ) এবং লিবার্টারিয়ান প্রার্থী নিক শিডি পেয়েছেন ৭ হাজার ৫২২ ভোট।

মন্টানা থেকে সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন প্যাট উইলিয়ামস, যিনি ১৯৯৬ সালে অবসর নেন।

কাউন্টিভিত্তিক ফলাফলে দেখা যায়, পশ্চিম মন্টানার জনবহুল এলাকাগুলোতে ফোরস্ট্যাগ ব্যাপক সমর্থন পেয়েছেন। মিসৌলা কাউন্টিতে তিনি পেয়েছেন ৪১ হাজার ২৩২ ভোট (৬৮ দশমিক ২৪ শতাংশ) এবং বোজম্যান শহর যে গ্যালাটিন কাউন্টির অন্তর্ভুক্ত, সেখানে তাঁর ভোটের হার ৫৯ দশমিক ৪২ শতাংশ। সিলভার বো কাউন্টিতে তিনি পেয়েছেন ৬১ দশমিক ৫৫ শতাংশ ভোট। মিসৌলা ও গ্যালাটিন কাউন্টি থেকে পাওয়া ৩৫ হাজার ২২৬ ভোটের ব্যবধান গ্রামীণ এলাকায় ফ্লিন্টের এগিয়ে থাকার ঘাটতি পুষিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্টানা কনজারভেশন এল্ডার্স ও ওয়াইল্ড মন্টানার সদস্য বিল হ্যালিনান মনে করেন, ফোরস্ট্যাগের ব্যক্তিত্ব তাঁর জয়ে ভূমিকা রেখেছে, তবে এটি তাঁর ব্যক্তিগত মত। ইউনিভার্সিটি অব মন্টানার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অভিষেক চ্যাটার্জির মতে, দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা হিসেবে অভিজ্ঞতা, ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাই এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের অসন্তোষ এই জয়ের পেছনে কাজ করেছে।

অভিষেক মুক্তকণ্ঠকে বলেন, “বিশেষ করে গ্যাসের দাম নির্বাচনে ভূমিকা রেখেছে।”

দাবানলযোদ্ধা থেকে কংগ্রেস সদস্য

রাজনীতিতে আসার আগে ফোরস্ট্যাগ যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসে দাবানলযোদ্ধা এবং স্মোকজাম্পার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্মোকজাম্পাররা প্যারাস্যুটের সাহায্যে দুর্গম এলাকায় নেমে দাবানল মোকাবিলা করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের মাধ্যমে সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব করেন।

ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের বিরোধিতা এবং সরকারি কর্মীদের চাকরি সুরক্ষার বিষয়টি তাঁর নির্বাচনী প্রচারের মূল ভিত্তি ছিল। পরিবেশবাদীরা আশা করছেন, তাঁর বাস্তব অভিজ্ঞতা কংগ্রেসে কার্যকর ভূমিকা রাখবে।

ফোরস্ট্যাগের ইশতেহারে সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থায় কর্মীসংখ্যা বাড়ানো, দাবানল প্রতিরোধে অর্থায়ন বৃদ্ধি এবং বনাঞ্চলের অতিরিক্ত ঝোপঝাড় সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। তাঁর লক্ষ্য কেবল আগের অবস্থায় ফিরে যাওয়া নয়, বরং আরও বেশি কর্মী নিয়োগ করা। এছাড়া তিনি দায়িত্বশীলভাবে কাঠ আহরণ এবং মন্টানার কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা আধুনিকায়নে কেন্দ্রীয় অনুদানের পক্ষে। তবে পরিবেশগত সুরক্ষা এড়িয়ে দ্রুত অনুমোদনপ্রক্রিয়ার তিনি বিরোধী।

ক্লাইমেট স্মার্ট মিসৌলার নির্বাহী পরিচালক অ্যামি সিলিমবার্গ বলেন, দাবানল মোকাবিলার অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রতিনিধি মন্টানার জন্য উপকারী হতে পারেন।

অ্যামি সিলিমবার্গ বলেন, “কংগ্রেসের হাতে অর্থ বরাদ্দের ক্ষমতা রয়েছে। বিজ্ঞানভিত্তিক সংস্থাসহ কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোয় নিয়মিত পর্যাপ্ত কর্মী ও অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।”

সিলিমবার্গ আরও বলেন, “তুষারপাত কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, দাবানলের মৌসুম দীর্ঘ হওয়া এবং খরার মতো জলবায়ুঝুঁকি মোকাবিলায় বিশ্বাসযোগ্য বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে। পুনর্গঠন করতে হবে সরকারি সংস্থা ও কর্মী বাহিনীকে।”

বিল হ্যালিনানও আশা করেন, ফোরস্ট্যাগ ফরেস্ট সার্ভিসে কর্মীসংখ্যা বাড়ানো এবং সচেতনতামূলক কার্যক্রমে কেন্দ্রীয় অনুদান অব্যাহত রাখার পক্ষে কাজ করবেন। হ্যালিনান বলেন, “ফরেস্ট সার্ভিসে বেশি কর্মী থাকলে পরিকল্পনা, সহায়তা, সমন্বয় ও প্রশাসনিক কাজের জন্য আরও বেশি মানুষ পাওয়া যাবে।”

তিনি বিশেষ করে বনাঞ্চল ও বসতিপূর্ণ এলাকার সংযোগস্থলে বসবাসকারী মানুষের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়েছেন, কারণ সেখানে দাবানলের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবনির্বাচিত সদস্য হিসেবে অন্য কংগ্রেস সদস্যদের সমর্থন আদায় এবং সরকারি নীতিতে পরিবর্তন আনা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হবে।