আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপের ফলে আমদানিকৃত এসব ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য মাল্টা ও আপেলের ক্ষেত্রেও করভার কমানো হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে নির্ধারিত কোডভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে এখন থেকে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

শুল্ক কমানোর পাশাপাশি ওই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’ -এর খসড়া অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগে প্রতি মাসে রিটার্ন জমা দেওয়ার নিয়ম ছিল। তবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই নিয়ম পরিবর্তন করে প্রতি তিন মাসে একবার রিটার্ন দেওয়ার নতুন বিধান করা হয়েছিল। বর্তমানে আইনটির খসড়ায় পুনরায় সংশোধন এনে পুরোনো নিয়ম অর্থাৎ প্রতি মাসে রিটার্ন দেওয়ার বিষয়টি পুনর্বহাল করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, তিন মাসের রিটার্ন জমা দেওয়ার বিধান কার্যকর করার ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এই সমস্যার পরিপ্রেক্ষিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছিলেন। এখন সেই অধ্যাদেশটিকে জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে (আইনি যাচাই) মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।