বরখাস্ত হওয়া লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি, মিথ্যা মামলা দায়ের এবং সাদা পোশাকধারী লোক দিয়ে ব্যবসায়ীদের উঠিয়ে নেওয়ার মতো অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ প্রকাশ করেন গাজীপুরের হাজী হোসেন পাইকারি কাপড় মার্কেটের সভাপতি আবুল কালাম আজাদসহ একদল ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলার সময় আবুল কালাম আজাদ বলেন, ‘বিচারপতি আরিফুল আমাদের ওপর যে ধরনের কর্মকাণ্ড করছে, এর জন্য আমরা প্রতিবাদ ও নিন্দা জানাই। উনি (বিচারপতি আরিফুল) বিভিন্ন লোক দিয়ে মিথ্যা মামলা দিচ্ছেন। ওনার ম্যানেজারকে দিয়ে আমার নামে চাঁদাবাজির মামলা করছে। উনি অভিযোগ করছেন, আমরা ছিনতাইকারী। আমি ছিনতাইকারী কি না বা এখানে ব্যবসায়ী যারা আছেন, তারা ছিনতাইকারী কি না। আপনারা ইনভেস্টিগেশন করেন।’
তিনি আরও অভিযোগ করেন যে, তার নামে গুরুতর অপরাধের মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘উনি আমার নামে যশোরে গণধর্ষণের মামলা করেছেন। আমরা গণধর্ষণকারী কি না সাংবাদিক হিসেবে আপনারা যাচাই করতে পারেন। উনার ভাই পুলিশ কনস্টেবল, পুলিশ হেডকোয়ার্টারে আছেন। উনাকেসহ আমরা মার্কেটে আটক করি। আটক করে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিই। এরপর আমরা উনার নামসহ উল্লেখ করে ২০১৯ সালে গাজীপুরের বাসন থানায় একটা মামলা করি। কিন্তু এর পরবর্তীতে মামলাটার কী অবস্থান বা তার কী পরিস্থিতি? এটা আসলে আপনাদের বোঝানোর কিছু নেই।’
পরবর্তীতে আবুল কালাম আজাদ জানান যে, তারা এই অন্যায়ের প্রতিকার পেতে উচ্চপর্যায়ের শরণাপন্ন হয়েছেন। তিনি বলেন, ‘এখন আপনাদের বোঝানোর কিছু নেই। আমরা প্রশাসনের কাছে গেছি। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতিসহ আমাদের গাজীপুরের সংসদ সদস্য মজিবুর রহমানের শরণাপন্ন হয়েছি। আমরা গাজীপুর জেলা প্রশাসকের কাছে গিয়েছি, পুলিশ কমিশনারের কাছে গিয়েছি এবং বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও গিয়েছি। আমাদের এমন কোনো কিছু নেই, যা দিয়ে দিয়ে উনার প্রতিকার করতে পারব।’