শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা (৪২) নামে এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নাওডোবা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১২৭ নম্বর আসামি।
গ্রেপ্তারকৃত জসিম মৃধা বিকেনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বিকেনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার মৃধাকান্দি এলাকার তোতা মৃধার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই সময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা বেশ কিছু যানবাহনে হামলা ও ভাঙচুর চালায়। সেই মুহূর্তেই একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এই পরিস্থিতির কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে, যার ফলে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সেতু ব্যবহারকারী যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
এই ঘটনার পর ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত ঘটনার মামলায় জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় ১২৭ নম্বর আসামি।”
তিনি আরও জানান, “এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”