ভোরের আলো ফুটে ওঠার আগেই দুর্গাদহে শুরু হয়ে যায় কলার বাণিজ্যের ব্যস্ত কর্মযজ্ঞ। হাটজুড়ে সারিবদ্ধভাবে সাজানো থাকে হলুদ ও সবুজ রঙের কলা। ক্রেতা-বিক্রেতাদের উচ্চকণ্ঠ হাঁকডাক আর পণ্য পরিবহনে ব্যস্ত যানবাহনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জয়পুরহাট সদর উপজেলার এই বিশেষ হাটে প্রতিদিন গড়ে প্রায় ৫০ লাখ টাকার কলার বেচাকেনা হয়। কৃষক, ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্যে সবসময়ই এখানে ভিড় থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পৌনে দুই বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই হাটে গত ৪০ থেকে ৪৫ বছর ধরে কলার বাণিজ্য চলে আসছে। জয়পুরহাটের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আশপাশের জেলা থেকেও কৃষক ও ব্যবসায়ীরা এখানে কলা নিয়ে আসেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা এসব কলা কিনে ট্রাক ও পিকআপে করে নিয়ে যান। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০টি ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় কলা পাঠানো হয়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় এই হাটের কলা সরবরাহ করা হয়। তবে এই হাটে একজন ক্রেতাকে ন্যূনতম ১০০টি কলা কিনতে হয়।
স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, “ভোরে কৃষকদের বাগান থেকে পাইকারেরা কলা সংগ্রহ করে হাটে আনেন। আবার অনেক কৃষক সরাসরি তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন। সারা দিন চলে বেচাকেনা।”
ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, আগে দুর্গাদহে সাধারণ হাট বসত। প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে এখানে কলার বেচাকেনা শুরু হয়। এরপর থেকেই এটি কলার হাট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ করা হয়েছে। তবে উৎপাদন বাড়লেও বাজারে দাম কমে যাওয়ায় এখন লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।
সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক শহিদুল ইসলাম তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ১০ দিন আগে তিনি ১০০টি কলা ৪০০ টাকায় বিক্রি করেছিলেন। কিন্তু ১০ নভেম্বর একই পরিমাণ কলা বিক্রি করতে হয়েছে ২৫০ টাকায়। অর্থাৎ মাত্র ৮ দিনের ব্যবধানে দাম কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। তিনি বলেন, “সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।”
অন্যদিকে, পাকুড়তলি গ্রামের কৃষক গোলজার হোসেন এবার ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করেছেন। জমি বর্গা এবং উৎপাদন বাবদ প্রতি বিঘায় তার খরচ হয়েছে ৬০ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট বিনিয়োগ প্রায় ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন, যদিও গাছে এখনো প্রচুর কলা রয়েছে।
এই হাটে মূলত সাগর, মালভোগ ও চম্পা জাতের কলা বিক্রি হয়। ব্যবসায়ী বেলাল হোসেন জানান, এসব জাতের মধ্যে চম্পা কলার বেচাকেনা সবচেয়ে বেশি হয়। এই হাটকে কেন্দ্র করে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী এবং আড়তদারদের ব্যাপক কর্মসংস্থান হয়েছে।
প্রতিদিন বিপুল পরিমাণ কলার কেনাবেচা হলেও হাটের জায়গার কোনো সম্প্রসারণ হয়নি। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং কলা ওঠানো-নামানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সদর উপজেলার গুচ্ছ গ্রামের ব্যবসায়ী হারুনর রশীদ বলেন, “দূর-দূরান্ত থেকে পাইকারেরা কলা কিনতে আসেন। কিন্তু জায়গা কম হওয়ায় ট্রাক, পিকআপ ও ভটভটি ঠিকমতো চলাচল করতে পারে না। হাটের জায়গা বাড়ানো গেলে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে।”
জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জানান, হাটের বাণিজ্যিক কর্মকাণ্ডের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি, যার ফলে ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, “দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় কৃষকেরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। কলার উৎপাদন বাড়াতে ও আধুনিক পদ্ধতিতে চাষে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে।”
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, দুর্গাদহ হাটে জায়গার সংকট রয়েছে এবং হাট সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গা খোঁজা হচ্ছে।