চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. ছায়েদুল হক (৫০)। স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত থাকলেও, অবসর সময়কে কাজে লাগিয়ে আখ চাষের মাধ্যমে তিনি অর্জন করেছেন আশাতীত সাফল্য। স্বল্প বেতনের চাকরির পাশাপাশি এই বাড়তি আয়ের সুযোগ তাঁর সংসারে এনেছে সচ্ছলতা।
ছায়েদুল হকের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে। সবুজে মোড়ানো শান্ত এই গ্রামটির এক কিলোমিটার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কিছুটা পূর্বে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। এর পাশেই দাঁড়িয়ে আছে সুউচ্চ পাহাড়ের সারি। এই মনোরম পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে ছায়েদুল হকের আখখেত। গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিকেলের সোনালি রোদে ঝলমল করছে সারি সারি আখ। মোট ২৪ শতক জমিতে তিনি এই চাষাবাদ করেছেন।
১৯৯৯ সালের জুন মাসে মাত্র ১ হাজার ৩০০ টাকা বেতনে স্থানীয় জামেয়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় (এমপিওভুক্ত) চতুর্থ শ্রেণির কর্মচারী পদে যোগ দেন ছায়েদুল। সময়ের সাথে সাথে সরকারি নিয়মে তাঁর বেতন বাড়লেও তা দিয়ে সংসার চালানো ছিল কঠিন। স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলের ভরণপোষণের পাশাপাশি সংসারের অভাব মেটাতে তিনি হিমশিম খেতেন। এই সংকট কাটাতে তিনি বাড়ির পাশের কিছু জমি ইজারা নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন। শুরুতে ধান ও সবজি চাষ করলেও তাতে কাঙ্ক্ষিত সফলতা পাননি তিনি। পরবর্তীতে দুই মেয়ের বিয়ের আয়োজন এবং সংসারের বাড়তি খরচের চাপ সামলাতে তিনি ধান-সবজির পরিবর্তে আখ চাষের সিদ্ধান্ত নেন। আর এই সিদ্ধান্তই তাঁর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।
এ বছর ২৪ শতক জমিতে সেচ, সার এবং কীটনাশক বাবদ প্রায় দুই লাখ টাকা ব্যয় করেছেন ছায়েদুল। চাষাবাদের প্রয়োজনে মাঝে মাঝে শ্রমিক নিয়োগ দিলেও অধিকাংশ সময় তাঁর ছেলেই তাঁকে সহযোগিতা করেছে। বর্তমানে বাজারে তাঁর উৎপাদিত আখ প্রতি ১০০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এরই মধ্যে অর্ধেকের বেশি আখ বিক্রি করেছেন তিনি। সব খরচ বাদ দিয়ে এ বছর আখখেত থেকেই আড়াই লাখ টাকার বেশি লাভ হবে বলে তিনি আশাবাদী।
নিজের এই উদ্যোগ সম্পর্কে ছায়েদুল হক মুক্তকণ্ঠকে বলেন, ‘অনেক শিক্ষককে দেখেছি, চাকরির পাশাপাশি অবসর সময় টিউশনি করেন। এতে তাঁদের বাড়তি আয় হয়। আমার যেহেতু সংসারে অভাব আছে, তাই আমিও প্রতিষ্ঠানে নির্দিষ্ট দায়িত্ব পালনের পর বাড়তি আয়ের জন্য আখ চাষ করেছি। চাষ কষ্টসাধ্য হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা আখ চাষ প্রায় ছেড়ে দিয়েছেন। উৎপাদন কম হওয়ায় বাজারে আখের চাহিদা বেশ ভালো। এই সুযোগ আমি কাজে লাগিয়েছি। সরকারি সহযোগিতা পেলে আগামী বছর চাষ আরও বাড়াব।’
ছায়েদুল হকের এই কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে তাঁর কর্মস্থলে। মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকায় অবস্থিত জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছাইদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘ছায়েদুল হক দীর্ঘ সময় ধরে আমাদের মাদ্রাসায় চাকরি করছেন। চাকরির পর অবসর সময়ে তিনি বসে না থেকে খেতখামার করেন। এতে তাঁর বাড়তি আয় হয়। খেতখামার করলেও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে তাঁর কখনো অনিয়ম হয় না।’
অন্যদিকে, মিরসরাই উপজেলা কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ বছর এই উপজেলায় মোট ১৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে দুর্গাপুর, হিঙ্গুলী, জোরারগঞ্জ ও খৈয়াছড়া ইউনিয়নে চাষের পরিমাণ সবচেয়ে বেশি। ছায়েদুল হকের এই সাফল্য নিয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় মুক্তকণ্ঠকে বলেন, ‘মূল পেশার পাশাপাশি বাড়তি পরিশ্রমের মাধ্যমে আখ চাষ করে সফল হয়েছেন ছায়েদুল হক। তাঁর এই সাফল্য অনুসরণীয়। ভবিষ্যতে আখ চাষে তাঁকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’