যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে একটি পণ্যবাহী জাহাজ ও একটি প্রমোদতরির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রমোদতরিতে থাকা প্রায় ১৩০ জন যাত্রী ও ক্রু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, এই ঘটনাটি একটি ‘মিরাকল অব মিসিসিপি’।
গত শুক্রবার দুপুরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সে সময় ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটি মিসিসিপি নদীতে নোঙর করা ছিল। পাশ দিয়ে যাওয়ার কথা ছিল ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি পণ্যবাহী জাহাজের। কিন্তু পণ্যবাহী জাহাজটি দ্রুতগতিতে এসে প্রমোদতরিটিতে সজোরে আঘাত করে।
সংঘর্ষের তীব্রতায় যাত্রীবোঝাই প্রমোদতরিটি একপাশে কাত হয়ে যায়। এতে ৩২ জন যাত্রী আহত হন, যাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, কারও আঘাতই গুরুতর নয় এবং কেউ নিখোঁজ হয়ে যাননি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম এই বিষয়ে বলেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো সমস্যা হয়েছিল বলে মনে হচ্ছে।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকর্মীরা দ্রুত সহায়তা করতে এগিয়ে আসেন, যাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র হেলেনা মোরেনো আরও বলেন, ‘এ ঘটনায় কেউ নিখোঁজ হননি। মিসিসিপিতে সত্যিই এটি অলৌকিক ঘটনা।’
নিউ অরলিন্স বন্দরের প্রধান মেলানি মন্টরোল সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার দুপুরে দুর্ঘটনার খবর জানিয়ে ফোন আসতে শুরু করে। প্রমোদতরিতে পানি ঢুকতে শুরু করলে তাৎক্ষণিকভাবে অনেকেই যাত্রীদের নিরাপদে বেরিয়ে আসতে সহায়তা করেন। বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় ‘আমেরিকান হেরিটেজ’ জাহাজে ১২৯ জন যাত্রী ও ক্রু ছিলেন।
মেয়র হেলেনা মোরেনো জানান, সংঘর্ষের পরপরই প্রমোদতরিটি একপাশে হেলে পড়ে এবং আরোহীরা দ্রুত সেখান থেকে নেমে আসেন। একপর্যায়ে জাহাজটি পুরোপুরি কাত হয়ে পড়েছিল। উদ্ধার কাজে পুলিশ, টাগবোট চালক এবং অন্যান্য উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সাময়িকভাবে মিসিসিপি নদীতে নৌচলাচল বন্ধ করে দেয়।
আট দিনের দীর্ঘ ভ্রমণ শেষে আমেরিকান হেরিটেজ সবে মিসিসিপি নদীতে নোঙর করেছিল। যাত্রাপথে লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে এর যাত্রাবিরতি ছিল। শনিবার হেলেনা মোরেনো জানান, আহত নয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, প্রমোদতরির ক্যাপ্টেন নিজেও আহত হয়েছেন। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাপ্টেন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, উদ্ধার কার্যক্রম ছিল অবিশ্বাস্য একটি কাজ। অন্যদিকে, গভর্নর জেফ ল্যান্ড্রি উদ্ধার কার্যক্রমকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রমোদতরিতে থাকা উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে নিরাপদে উদ্ধার করা গেছে।
কানসাস নিবাসী জো ন্যাব নামের একজন যাত্রী এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। গায়ে ধুলোমাখা অবস্থায় সংবাদমাধ্যমকে জো বলেন, সংঘর্ষের পরপরই জাহাজটি দ্রুত উল্টে যায়। উদ্ধার হওয়ার আগে তিনি প্রায় ২০ মিনিট পানিতে ভেসে ছিলেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে জো বলেন, ‘প্রচণ্ড ঝাঁকি খেয়ে সেটি (প্রমোদতরি) দ্রুত উল্টে যাচ্ছিল। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি।’
প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে বলেন, সংঘর্ষের জেরে প্রমোদতরিকে তিনি ডকে আঘাত করতে দেখেছেন। তিনি বলেন, আওয়াজটা অনেকটা যুদ্ধের সিনেমার মতোই। মনে হচ্ছিল, টাইটানিকের মতো কিছু ঘটেছে। যাত্রী ও ক্রুদের অনেকে নেমে আসার সময় কাঁদছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত আমেরিকান হেরিটেজের ধারণক্ষমতা ১৫০ জনের বেশি। চারটি ডেক বিশিষ্ট এই জাহাজে একটি কাচঘেরা রেস্তোরাঁ, ব্যায়ামাগার এবং তিনটি অতিথি লাউঞ্জ রয়েছে।