সরকারের সামগ্রিক ব্যর্থতার কারণে খুলনা বর্তমানে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি উল্লেখ করেন, দেশের অন্যতম প্রধান বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও খুলনায় গত দশ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে। সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে আত্মতৃপ্তির মধ্যে রয়েছেন। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে রাষ্ট্র ও সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে।

শনিবার (১৪ নভেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে শহরের কলেজ রোডের চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে আয়োজিত ষষ্ঠ জেলা যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে না পারায় সে সুযোগে মাদকের সয়লাব ও বেকারত্বের কারণে সন্ত্রাসের বিস্তার ঘটেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরাধের পর অপরাধী গ্রেপ্তার না হওয়া, গ্রেপ্তার হলেও সহজে জামিনে মুক্ত হওয়া এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে নতুন নতুন সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হওয়া। কারণগুলোর দিকে লক্ষ করলে সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। আমরা সরকারকে বলব, সরকার পরিচালনা করা শুধু ক্ষমতা ভোগ করা নয়; বরং সরকার পরিচালনার অর্থ হলো দায় ও দায়িত্ব নেওয়া। সেই দায়িত্ব নিন। সমস্যাকে স্বীকার করুন এবং সমাধান করুন।”

নীতির পরিবর্তন না হলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানসহ আজ পর্যন্ত তিনটি সরকার দেশ পরিচালনা করেছে। কিন্তু কেউই মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। কারণ, সবাই মানুষের মনগড়া নীতিতে দেশ শাসন করেছে। আমরা মহান আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই। ইসলাম অনুসারে দেশ পরিচালিত হলেই শুধু মানুষের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব।”

জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তার হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনির হোসেন খান, ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা উপদেষ্টা মুহাম্মাদ কামাল হোসেন তালুকদার, জাতীয় শিক্ষক ফোরাম ঝালকাঠি জেলা সভাপতি অধ্যাপক মুহাম্মাদ মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দুস এবং ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ সরদার।