২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও কার্লো আনচেলত্তির বরখাস্তের দাবি জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। প্রীতি ম্যাচে জাপানের কাছে ব্রাজিলের সাম্প্রতিক পরাজয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি এই দাবি জানান। শুধু নিজের মতামত প্রকাশই করেননি, বরং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে রোমারিও একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিসেবে পরিচিত। মাঠের বাইরে তিনি বর্তমানে দেশটির রাজনীতিতেও অত্যন্ত প্রভাবশালী এবং পার্লামেন্টের একজন সিনিয়র সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে জাপানের কাছে ৩–২ গোলে পরাজিত হয় ব্রাজিল। কার্লো আনচেলত্তির কোচিংয়ে এটি ব্রাজিলের পঞ্চম পরাজয়। এই হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে আনচেলত্তির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোমারিও।

১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার ইতালিয়ান কোচের অতীত সাফল্যকে শ্রদ্ধা জানালেও মনে করেন, ব্রাজিলের জাতীয় দলের জন্য তিনি উপযুক্ত নন। রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে চলে যাও! আর নিতে পারছি না আমরা। তোমার ক্যারিয়ার নিয়ে কারও প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচ তুমি। তবে ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারোনি।’

এরপর তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির জাউদের প্রতি তার বার্তা পাঠান। ৪২ বছর বয়সী এই সভাপতির সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘সামির, তুমি তরুণ, ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের ভালো চাও। এখন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করো!’

২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিল আর কোনো বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারেনি। এই শিরোপাখরা কাটাতে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তিকে নিয়ে আসা হলেও, রোমারিওর মতে দলের বর্তমান পথচলা আশানুরূপ নয়। সিবিএফ সভাপতির উদ্দেশ্যে তিনি আরও লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’

জাপানের কাছে হারের পর আগামী মঙ্গলবার আবারও মাঠে নামবে ব্রাজিল। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলে চলতি বছরের আন্তর্জাতিক কর্মসূচি শেষ করবে তারা।