ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নাবিল গ্রুপের বিশেষ উদ্যোগের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘সাফল্যের সাথে আগামীর পথে’ শীর্ষক আয়োজনের রাজশাহী পর্বটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টারে এই মিলনমেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের তিন শতাধিক ব্যবসায়ী ও অংশীদার অংশগ্রহণ করেন। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই।’
উল্লেখ্য যে, নাবিল গ্রুপের অধীনে পরিচালিত বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মধ্যে নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য অত্যন্ত জনপ্রিয়। এছাড়া নাবিল ফিড মিলসের বিভিন্ন ফিড পণ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্যগুলো গ্রুপের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম হিসেবে পরিচালিত হয়ে আসছে।