ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দৃঢ় বিশ্বাস, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন না।

জানা গেছে, দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন শেখ হাসিনা। আজ সোমবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তিনি এই সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যের কথা জানানো হয়েছে। রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতেই চিফ প্রসিকিউটর তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’

চিফ প্রসিকিউটরের মতে, বাংলাদেশে ফিরে আসার জন্য আইনগতভাবে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, শেখ হাসিনা সেগুলো গ্রহণ করছেন না। এই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় একটি আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার বর্তমান অবস্থান ও উদ্দেশ্য সম্পর্কে আমিনুল ইসলাম আরও বলেন, ‘আপাতত মন্তব্য হচ্ছে যে তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন না এবং এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’

শেখ হাসিনা কেন দেশে ফিরতে ইচ্ছুক নন অথবা তাঁর এই পদক্ষেপগুলোকে কেন ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত আইনগত ব্যাখ্যা আগামীকালকের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

উল্লেখ্য যে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।