দেশের কোনো বন্ধ কলকারখানা কিংবা জাতীয় সম্পদকে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেন, ‘যদি কোনো কারখানার সব মেশিন নষ্টও হয়ে যায়, তবে সেগুলো ফেলে দিয়ে ওই ফ্লোরে বসে কাঁথা সেলাই করুন; তবু ওই জায়গায় একটি অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। বন্ধ রাখা যাবে না।’
বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলোকে পুনরায় সচল করার লক্ষ্যে গত সপ্তাহে সব ব্যাংকের কাছ থেকে খেলাপি গ্রাহকদের বিষয়ে চারটি সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে বলে জানান গভর্নর। চাওয়া তথ্যের মধ্যে রয়েছে—বর্তমান মালিকদের মাধ্যমে কারখানাটি পুনরায় চালানো সম্ভব কি না, বর্তমান মালিকদের সাথে আলোচনার পর সেটি বিক্রি করে অন্য কোনো যোগ্য উদ্যোক্তার হাতে হস্তান্তর করা যায় কি না, কারখানাটি ভাড়া দিয়ে চালু রাখা সম্ভব কি না এবং ওই নির্দিষ্ট স্থানে অন্য কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব কি না।
গভর্নর মোস্তাকুর রহমান উল্লেখ করেন, সাধারণ মানুষের রিজার্ভের টাকা এবং ডলার ব্যয় করে এই কারখানাগুলো গড়ে তোলা হয়েছে, তাই এগুলো জাতীয় সম্পদ এবং এগুলোকে অবশ্যই সচল রাখতে হবে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
সম্মেলনে গভর্নর আরও জানান, গত ১০ বছরে দেশের ঋণপ্রবাহ নির্দিষ্ট কিছু খাতের ওপর অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে গেছে। বর্তমানে মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশই করপোরেট ঋণ, যা স্বাভাবিক নয়। তিনি মনে করিয়ে দেন যে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে শুধুমাত্র করপোরেট ঋণের জন্য লাইসেন্স দেওয়া হয়নি। তাই ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। উদাহরণস্বরূপ একটি খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই খাতে দেশে মোট চাহিদা ৫ মিলিয়ন টন হওয়া সত্ত্বেও ইতিমধ্যে ১২ দশমিক ৫ মিলিয়ন টন উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে।
ব্যাংক খাতের বর্তমান সংকট নিয়ে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। ব্যাংক খাত সংস্কার এবং মূলধন পুনর্গঠনের জন্য আগামী পাঁচ থেকে আট বছর রাজস্ব বাজেট থেকে বছরে অন্তত ৬০ হাজার কোটি টাকা দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’
দেশি ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ব্যবসা করার পরিবেশ সহজ করা এবং প্রবাসী আয়সহ বিভিন্ন অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানান গভর্নর। একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘তথ্য খুঁজে দেখলাম, একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বৈধ পথে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এগুলো কি সব বিনা পয়সায় হয়ে যাচ্ছে? নিশ্চয়ই না। এত লোক চিকিৎসার কারণে বিদেশে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন?’ এই সমস্যা সমাধানে বিদেশে চিকিৎসার অর্থ পরিশোধের পাশাপাশি ই-কমার্স ও ফ্রিল্যান্সারদের অর্থ দেশে আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘আমরা ঘন ঘন নীতি পরিবর্তন করি, এটা শিল্পায়নের পথে বড় বাধা।’ একইসাথে তিনি নবায়নযোগ্য জ্বালানি ও এনার্জি ইফিসিয়েন্সি তহবিলের আকার বাড়ানোর অনুরোধ জানান।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, পোশাক খাতের পর ইলেকট্রনিকস খাতই রপ্তানিতে বড় সম্ভাবনা তৈরি করেছে। বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই খাতে নীতিসহায়তা ও রপ্তানিসুবিধা বাড়ানো দরকার।
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী জানান, চিকিৎসার জন্য প্রতিবছর দেশ থেকে ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার বাইরে চলে যাচ্ছে। এই অর্থপ্রবাহ রোধ করতে স্বাস্থ্য খাতে বিনিয়োগের পরিবেশ সহজ করা প্রয়োজন।
চিকিৎসার জন্য বিদেশে অর্থ চলে যাওয়া ঠেকাতে সরকারের পরিকল্পনার কথা জানান গভর্নর। তিনি বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সরকার নির্ধারিত মূল্যে বেসরকারি হাসপাতাল থেকে ৫০০টি সার্জারি কিনে নেওয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যে একটি বিশেষায়িত হাসপাতাল এ বিষয়ে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখিয়েছে।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) তৈরিতে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা গভর্নরের সামনে তুলে ধরেন।
অর্থনৈতিক সম্মেলনটি ছিল দুই ভাগে বিভক্ত। দ্বিতীয় পর্যায়ে জ্বালানি নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।