গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের প্রকৃতিবান্ধব ও অনন্য নকশার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী এবং তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান আর্বানা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা) এই সম্মানজনক পুরস্কার প্রদান করেছে, যার মোট আর্থিক মূল্য দুই লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথমবারের মতো ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ককে পুনরায় স্থাপন এবং এই ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মোমায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।
পুরস্কারের মোট দুই লাখ ডলারের মধ্যে এক লাখ ডলার (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) পাবেন স্থপতি কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান। বাকি এক লাখ ডলার (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) ব্যয় করা হবে আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলের বন পুনরুদ্ধার ও বনায়ন কার্যক্রমে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সম্মানে এই বনায়ন কার্যক্রম পরিচালনা করবে অলাভজনক প্রতিষ্ঠান ফুন্দাসিওন গ্রান চাকো।
মোমার ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, গত ৩০ বছরের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে নির্মিত এমন স্থাপত্যকর্মকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়, যা প্রকৃতির সঙ্গে স্থাপত্যের মেলবন্ধন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একক কোনো স্থাপত্য প্রকল্পের জন্য অর্থমূল্যের দিক থেকে এটিকে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে অভিহিত করেছে মোমা।
প্রথমবারের এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৪০টি স্থাপত্য প্রকল্প বিবেচনায় নেওয়া হয়েছিল। মনোনয়ন প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন বিশেষজ্ঞ অংশ নেন। দীর্ঘ পর্যালোচনার পর বিচারকেরা গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারকে সেরা হিসেবে নির্বাচিত করেন।
পুরস্কারের জন্য প্রায় এক বছর ধরে কাশেফ চৌধুরীর বিভিন্ন প্রকল্প নিবিড়ভাবে পর্যালোচনা করেন আয়োজক কর্তৃপক্ষ। গত অক্টোবরে একজন বিচারক ঢাকা, কেরানীগঞ্জ, গাইবান্ধা, সিলেট ও বরিশালে তাঁর বিভিন্ন স্থাপত্য প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং নকশা ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তবে মূল্যায়ন প্রক্রিয়ার এই গোপন বিষয়টি কাশেফ চৌধুরী জানতেন না।
মোমার আম্বাস ইনস্টিটিউটের পরিচালক ইভানজেলোস কোটসিওরিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “আঞ্চলিক নির্মাণরীতি, পানি, উদ্ভিদ ও স্থানীয়ভাবে পরিচিত নির্মাণসামগ্রী ইটের সমন্বয়ে ফ্রেন্ডশিপ সেন্টার দেখিয়েছে, সীমিত উপকরণ ব্যবহার করেও স্থাপত্যে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা সম্ভব।” তাঁর মতে, পরিবেশ ও প্রকৃতির মধ্যে সমন্বয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই স্থাপত্যকর্ম।
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে ফ্রেন্ডশিপ সেন্টারের অবস্থান। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এই সেন্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। মূলত ব্রহ্মপুত্র-যমুনা নদীর বদ্বীপ অঞ্চলে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে।
প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জমিতে গড়ে ওঠা এই স্থাপত্য কমপ্লেক্সটির মোট আয়তন প্রায় ৩১ হাজার বর্গফুট। এর নকশায় প্রাচীন মহাস্থানগড়ের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। স্থানীয় কারিগরদের তৈরি ইট দিয়ে নির্মিত এই কমপ্লেক্সটিতে রয়েছে খোলা উঠান, খিলান, বাগান ও জলাধার।
পুরো ফ্রেন্ডশিপ সেন্টারটি দুটি চতুর্ভুজ আকৃতির ব্লকে বিভক্ত। একটি ব্লকে রয়েছে কার্যালয়, শ্রেণিকক্ষ, পাঠাগার ও ধ্যানের স্থান। অন্য ব্লকে রাখা হয়েছে আবাসন ও খাবারের ব্যবস্থা। ভবনের ছাদে ঘাস লাগানো হয়েছে, যার ফলে দূর থেকে দেখলে মনে হয় ভবনটি আশপাশের সবুজ মাঠের সঙ্গে মিশে আছে।
প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ ব্যয় এবং জ্বালানির ব্যবহার কমিয়ে আনাই ছিল এই নকশার বিশেষত্ব। বন্যাপ্রবণ ও দুর্বল মাটির এলাকায় ভবনটি নির্মাণ করতে গিয়ে ব্যয়বহুল উঁচু ভিত্তি তৈরির পরিবর্তে চারপাশে মাটি সংকুচিত করে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং তার ভেতরে নিচু জমিতেই ভবনটি গড়ে তোলা হয়েছে।
সবুজ ছাদ, খোলা উঠান এবং বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার ভবনটিকে প্রাকৃতিকভাবে শীতল রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রাকৃতিক আলো ও বাতাসের অবাধ চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে, ফলে ব্যয়বহুল শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরতা ছাড়াই ভেতরে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
ফ্রেন্ডশিপ সেন্টার এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। ২০১২ সালে স্থাপত্যবিষয়ক সাময়িকী ‘দ্য আর্কিটেকচারাল রিভিউ’–এর উদীয়মান স্থাপত্য পুরস্কার অর্জন করে এই প্রকল্প। পরবর্তীতে ২০১৬ সালে এটি বিশ্বের অন্যতম সম্মানজনক ‘আগা খান স্থাপত্য পুরস্কার’ লাভ করে।
নতুন এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার অনুভূতি সম্পর্কে শনিবার বিকেলে মুক্তকণ্ঠকে স্থপতি কাশেফ চৌধুরী বলেন, “এ পুরস্কার খুব সম্মানের। আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কোনো প্রকল্প যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তখন আনন্দটা আরও বেশি হয়।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নামটি উঠে এসেছে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই আমাদের বড় পাওয়া।”