গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও এর আশপাশের এলাকা থেকে এই ২০ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী। তারা পোশাকশ্রমিক পরিচয় দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক নিজেদের পোশাকশ্রমিক হিসেবে পরিচয় দিয়ে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ শুরু করেন। এই আকস্মিক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে সেই সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে বেলা ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এই অভিযান চলাকালীন পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী বলে দাবি করেন তিনি।”

ওসি আরও বলেন, “মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।”