ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের দীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের স্মৃতি এখন সংরক্ষিত হতে যাচ্ছে এক ছাদের নিচে। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রাক্তন শিক্ষার্থীদের এক যৌথ প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ নামের একটি বিশেষ জাদুঘর। আগামী ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরটির উদ্বোধন করা হবে।
রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে তাঁরা জানান, এই জাদুঘরটি কেবল প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নয়, বরং বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত রাখা হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় এই জাদুঘরটি স্থাপন করা হয়েছে। ১৮৮২ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের ১৪৪ বছরের পথচলার নানা স্মারক এখানে প্রদর্শিত হবে। জাদুঘরটিতে বিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ঐতিহাসিক দলিল, পুরনো আলোকচিত্র, প্রত্নসামগ্রী, বিশেষ স্মারক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন স্থান দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে দ্য গ্রেগরিয়ান সোসাইটির সভাপতি ইউসুফ রহমান বলেন, “দীর্ঘ পথচলায় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বহু ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যাঁরা এ দেশের মানুষের কল্যাণে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁদের নানা স্মৃতি এই জাদুঘরে স্থান পাবে। জাদুঘরে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে নয়, বরং স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি স্থান দেওয়া হয়েছে।”
জাদুঘর প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড রিবেইরো বলেন, “আমাদের এখন বড় দায়িত্ব হলো জাদুঘরে থাকা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির স্মৃতি কীভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেই চেষ্টা করা।”
প্রতিষ্ঠানের সঙ্গে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার কথা উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীরা যখন এই ঐতিহাসিক স্মৃতিগুলো প্রত্যক্ষ করবে, তখন তারা সেই মহান মানুষদের অবদান ও ব্যক্তিত্বকে অনুভব করতে পারবে।
জাদুঘরটির সামগ্রিক নকশা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে মিউজিয়াম ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন কমিটি। গত বছরের ১৪ নভেম্বর প্রতীকী ইট স্থাপনের মাধ্যমে এই জাদুঘরের নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর পুরোনো স্থানটিকে নির্মাণকাজের উপযোগী করে প্রস্তুত করা হয়। একই সময়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি বিশেষ দল জাদুঘরে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ঐতিহাসিক নিদর্শন, স্মারক ও দলিল সংগ্রহ এবং তা সংরক্ষণের কাজ শুরু করেন।
আয়োজকদের মতে, গ্রেগরিয়ান মিউজিয়াম কেবল কিছু ঐতিহাসিক নিদর্শন সংগ্রহের স্থান নয়; বরং এটি বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ঐতিহ্য এবং অসংখ্য গ্রেগরিয়ানের অবদানের এক স্থায়ী স্মারক। এর মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং দর্শনার্থীরা বিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।