রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) উদ্যোগে একটি বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল আটটা থেকে এই বিশেষ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সকাল থেকেই বিপুল সংখ্যক রোগী এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। দেশের প্রথিতযশা শীর্ষ এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটিস বিশেষজ্ঞরা সেখানে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সচেতনতামূলক সেবা প্রদান করেন।
এই ক্যাম্পটি সফলভাবে আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করেছে একাগ্রা, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, ধানমন্ডি সোসাইটি এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। পুরো আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট চিকিৎসক, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সেবাগ্রহীতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। একই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।