শ্রম আইনের ১৩ (১) ধারার আওতায় 'কাজ নেই, মজুরি নেই' বলে তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলে তা শ্রমিক অসন্তোষের উসকানি হিসেবে কাজ করবে বলে আশঙ্কা করছেন শ্রমিকনেতারা। তাঁদের মতে, বর্তমানে বিচ্ছিন্নভাবে এক-দুটি স্থানে আন্দোলন চললেও আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। তাই আলোচনার পথ খোলা রাখা অত্যন্ত জরুরি।

শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথ উদ্যোগে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতারা এই উদ্বেগের কথা জানান। একই সঙ্গে তাঁরা পোশাক শ্রমিকদের দ্রুত কারখানায় কাজে ফেরার আহ্বান জানান এবং মজুরি বোর্ডকে প্রয়োজনীয় সময় দেওয়ার অনুরোধ করেন যাতে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানে আসা যায়।

অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামীকাল শনিবার বিজিএমইএ তাদের সদস্যদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে, যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেই কারখানাগুলো ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রাখা হবে। পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তও নিতে পারে মালিকপক্ষ। উল্লেখ্য, ইতিমধ্যে সাভার ও আশুলিয়া এলাকায় ৭টি কারখানা এই ধারার আওতায় বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।

সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো পদক্ষেপ নেবেন না।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শুক্রবার বিকেলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ।

এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।