আচ্ছা, তুমি কি আমাকে ভালোবেসেছিলে! সেই ভালোবাসার রংটা কি তুমি জানো? হঠাৎ একদিন ছেড়ে চলে গেলে যখন– সেটাও কি ভালোবাসা ছিল? ধুপ করে এক বিশাল পাথর– আমার বুকের ওপর ফেলে দিলে। সেটা কি প্রবল ভালোবাসা থেকেই করেছিলে? থাক, বাদ দাও। বলো তো, তোমাকে কি আমি ভালোবেসেছিলাম, নাকি না! তোমার বুকে ঘুমানোর স্মৃতিটা আজও ভীষণ মনে পড়ে। এই মনে পড়াটাকে কি ভালোবাসা বলা যায়? রাস্তায় পার হওয়ার সময় তোমার শার্টের কোনায় ধরে রাখাটা, সেটা কি ভালোবাসা ছিল? কিংবা- হাজার বছর আগে একসাথে যে বৃষ্টিতে ভিজেছিলাম। সেটাকে কি তুমি ভালোবাসা বলবে না? আমার মস্তিষ্কের অ্যামিগডালায় তোমার কিছু স্মৃতি এখনো রয়ে গেছে। যদিও তোমার অনেক স্মৃতি- সেখান থেকে হারিয়ে যেতে যেতে প্রায় নিঃশেষ। অনেক চেষ্টা করেও সংরক্ষিত স্মৃতির টুকরোগুলো- আর একত্র করতে পারি না। তাই বলে কি তোমাকে আর ভালোবাসি না! তাই ভাবছ? কিন্তু তুমি কি জানো- আমি তোমাকে যতটা ভালোবাসতাম তখন, তার চেয়েও বেশি ভালোবাসি এখন, যখন আমি তোমাকে আর ভালোবাসি না। *লেখক: নুসরাত আহমেদ আশা, সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার, কার্ল যাইস ডিজিটাল ইনোভেশন জিএমবিএইচ, মিউনিখ, জার্মানি