সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর ২৮৯ নম্বর সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে বড় অংকের অর্থ জিতেছেন দুই বাংলাদেশি প্রবাসী। এর মধ্যে একজন হলেন ৩২ বছর বয়সী সবুজ মো. দেলোয়ার মুন্সি, যিনি ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা) জিতেছেন। একই ড্রতে আরও এক বাংলাদেশি আরিফুজ্জামান শুভ ১ লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন।

আরব আমিরাতে গত সাড়ে সাত বছর ধরে বসবাস করছেন সবুজ। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানার পর গত চার বছর ধরে তিনি টিকিট কিনছিলেন। সম্প্রতি তাঁর কেনা সর্বশেষ টিকিটটিই তাঁকে এই অভাবনীয় জয়ের সুযোগ করে দেয়। বিজয়ী হওয়ার খবরটি ফোনে পাওয়ার পর তিনি অত্যন্ত আনন্দিত হন।

পুরস্কারের এই অর্থ দিয়ে সবুজ তাঁর দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি আমিরাতে জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনা করেছেন। এই লটারি সম্পর্কে তাঁর অভিমত, ‘বিগ টিকিট’ এমন একটি সুন্দর উদ্যোগ, যা সাধারণ মানুষকে জীবন বদলে দেওয়ার মতো বড় জয়ের সুযোগ করে দেয়।

২৮৯ নম্বর সিরিজের এই ড্রতে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। বাংলাদেশি দুই বিজয়ীর পাশাপাশি ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল এবং শরৎ শশীধরন প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। ফলে এই ড্রতে মোট পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ দিরহাম।

এদিকে আগস্ট মাসে ‘বিগ টিকিট’ আরও বড় পুরস্কারের সুযোগ নিয়ে এসেছে। এই মাসে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পাবেন। পাশাপাশি ‘দ্য বিগ স্পিন’-এর মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত জেতার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তারা।

আগামী ৩ সেপ্টেম্বর সরাসরি (লাইভ) ড্রয়ের মাধ্যমে একজন বিজয়ী ১ কোটি ৫০ লাখ দিরহামের বড় পুরস্কারটি পাবেন। একই দিন সন্ধ্যায় আরও পাঁচজন বিজয়ী ১ লাখ দিরহাম করে পুরস্কার পাবেন। এছাড়া আগস্ট মাসজুড়ে সাপ্তাহিক ই-ড্র বা ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে ৪ জন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন, যা ‘বিগ টিকিট’-এর ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি সম্প্রচার করা হবে।

আগস্ট মাসে টিকিট ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে ‘দ্য বিগ স্পিন’ খেলার সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বরের লাইভ ড্র থেকে নির্বাচিত তিনজন প্রতিযোগী আগামী ৩ অক্টোবর ১০ লাখ দিরহাম জেতার লড়াইয়ে অংশ নেবেন। এছাড়া ৩ সেপ্টেম্বর ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ এবং ৩ অক্টোবর ‘নিসান প্যাট্রোল’ গাড়ির বিজয়ীর নাম ঘোষণা করা হবে।