জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর আমাদের মাঝে নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক মুক্তকণ্ঠকে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। এই অসুস্থতার কারণে তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হতো। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু এবং সংক্রমণের মতো একাধিক জটিলতা দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দেওয়ার পর সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃদু স্ট্রোক হয়, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। এরই মধ্যে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার আরও অবনতি হলে একপর্যায়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সাহেদের শারীরিক পরিস্থিতি নিয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান তাঁর এক লেখায় জানান, “কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন শিল্পী।” তিনি আরও উল্লেখ করেন যে, সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
দীর্ঘদিনের অসুস্থতার কারণে সাহেদের নিয়মিত গানের আয়োজনগুলোও থেমে গিয়েছিল। তবে তিনি ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তাঁর। আগামী ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে সেই আয়োজনটি বাতিল করা হয়।
এরশাদুল হক আরও জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। এমনকি কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত নতুন গান প্রকাশ এবং সুস্থ হয়ে পুনরায় গানে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় নিলেন তিনি।
শেখ সাহেদ ছিলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে তিনি সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন এবং ‘রোকযানা’ সাহেদ নামে ব্যাপক পরিচিতি পান। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় এবং পরবর্তীতে তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন।