ফুটবল মাঠের রাজত্ব ছাড়িয়ে এবার বিনোদন জগতেও নিজের প্রভাব বিস্তার করতে চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরের বিনিয়োগ ও কর্মকাণ্ড আরও বাড়ানোর পরিকল্পনা করছেন এই পর্তুগিজ তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে, তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।
ফুটবলকেন্দ্রিক এই ড্রামা সিরিজে কাজ করার লক্ষ্যে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে এক বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়েছেন রোনালদো। তাঁরা যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এই সিরিজটিতে ৪১ বছর বয়সী রোনালদো নিজের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া সিরিজে আরও তারকা মুখ হিসেবে থাকছেন ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইস।
আন্তর্জাতিক ফুটবল থেকে সম্প্রতি অবসর নেওয়া এই তারকা কেবল অভিনয় নয়, বরং সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন। ইনস্টাগ্রামে তাঁর ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর উদ্দেশ্যে রোনালদো লিখেছেন, ‘রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো “ডে ওয়ানস”-এর নির্মাণকাজ সবে শুরু হলো। সামনে আরও চমক আসছে!’
নিজের এই পোস্টের সাথে রোনালদো বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে অভিনেতা ডামিয়ান লুইসের পাশাপাশি ব্রিটিশ র্যাপার ডেভকেও দেখা গেছে, যিনি এই সিরিজের অভিনয়শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
পর্তুগালের সংবাদমাধ্যম এ বোয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘ডে ওয়ানস’ নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। প্রযোজনা সংস্থা স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রাথমিক পর্যায়ের বড় প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইনের তথ্যমতে, ১০ পর্বের এই সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে এক প্রতিভাবান ফুটবলারের জীবন সংগ্রাম ও যাত্রাকে কেন্দ্র করে, যার স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলা। গল্পের মূল উপজীব্য হলো সেই ফুটবলারের খ্যাতি, অর্থ ও সাফল্যের শিখরে পৌঁছানোর আগে থেকে তাঁর পাশে থাকা দীর্ঘদিনের বন্ধুদের প্রতি তাঁর অবিচল বিশ্বস্ততা।
সিরিজটির মূল পরিকল্পনাটি করেছেন প্রযোজক ড্যারেন ডেইন। প্রথম পর্বটি পরিচালনা করবেন ম্যাথু ভন এবং ‘বোরাত’ সিনেমার জন্য বাফট জয়ী নির্মাতা ড্যান মেজার দায়িত্ব পালন করছেন প্রোডাকশন ডিরেক্টর হিসেবে।
‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজি, ‘স্টারডাস্ট’ ও ‘লেয়ার কেক’-এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক ম্যাথু ভন রোনালদোর সঙ্গে এই যৌথ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘ক্রিস্টিয়ানো ও আমার নতুন প্রতিষ্ঠান শুরু করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত প্রকল্প। তাঁকে বন্ধু ও অংশীদার হিসেবে পরিচয় দিতে পারাটা সত্যিই সম্মানের। আমি নিশ্চিত, ফুটবলের সব রেকর্ড ভেঙে দেওয়া এই মানুষটি শিগগিরই চলচ্চিত্র ও টেলিভিশনের জগতেও একই কীর্তি গড়বেন।’
সিরিজটির বিষয়বস্তুর সঙ্গে নিজের আবেগীয় সম্পর্কের কথা উল্লেখ করে আল নাসর তারকা রোনালদো বলেন, ‘আমার পুরো জীবনটাই ফুটবলের। আমি জানি, মাঠের বাইরেও অসাধারণ কিছু গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে খেলাটির ভিন্ন এক দিক পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, এই গল্প ফুটবলপ্রেমীদের গণ্ডি পেরিয়ে সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আমার অংশীদার ও বন্ধু ম্যাথু ভনের সঙ্গে বিনোদনজগতে এই প্রথম পথচলা এবং থিয়েরি অঁরির মতো অসাধারণ একজন সাবেক খেলোয়াড় ও ভালো মানুষকে পাশে পাওয়াটা পুরো বিষয়কে আরও বিশেষ করে তুলেছে।’