নয়াদিল্লির সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষক—উভয়েই অত্যন্ত উৎকণ্ঠার সাথে ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের অপেক্ষা করছিলেন। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি ও একগুঁয়ে নীতিগুলো বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাজধানীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সাম্প্রতিক মার্কিন নীতিমালার এই অস্থিরতার প্রভাব ভারতের ওপর বিশেষভাবে পড়েছে, যা দীর্ঘকাল ধরে ক্রমোন্নতি লাভ করা দ্বিপক্ষীয় সম্পর্ককে এক ধরনের বিশৃঙ্খলার মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্পের শুল্কযুদ্ধ, পাকিস্তানের নেতৃত্বের প্রতি তাঁর দৃশ্যমান অনুরাগ এবং অভিবাসন সংক্রান্ত কঠোর অবস্থান এই অস্থিরতার অন্যতম কারণ।
মধ্যবর্তী নির্বাচনের প্রায় সব ফলাফল এখন সামনে এসেছে এবং দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকরা এই ফলাফলকে কীভাবে মূল্যায়ন করছেন?
একদিক থেকে এই ফলাফল দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা আশার আলো দেখিয়েছে। নয়াদিল্লির এই সতর্ক আশাবাদের মূলে রয়েছে এই বিশ্বাস যে, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো ট্রাম্প প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতায় কিছুটা লাগাম টানবে, যা নয়াদিল্লির জন্য নেতিবাচক প্রভাব ফেলছিল। সর্বোপরি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগ পর্যন্ত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারত্বের বিষয়ে মার্কিন রাজনীতির উভয় দলের মধ্যেই একটি সাধারণ ঐকমত্য ছিল।
তবে এই স্বস্তিবোধের পাশাপাশি ভারতীয় পর্যবেক্ষকদের মনে যুক্তরাষ্ট্রকে ঘিরে কিছু গভীর সংশয় রয়ে গেছে। তাঁরা অবগত যে, পররাষ্ট্রনীতি পরিচালনায় যেকোনো মার্কিন প্রেসিডেন্টের হাতেই ব্যাপক ক্ষমতা থাকে। অনুগত রিপাবলিকান কংগ্রেসের সহায়তায় ট্রাম্প এই ক্ষমতার যথেষ্ট ব্যবহার করেছেন। এর উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আইনত প্রশ্নবিদ্ধ উপায়ে ক্ষমতাচ্যুত করা থেকে শুরু করে ইরানে অঘোষিত ও অজনপ্রিয় যুদ্ধ শুরুর কথা বলা যায়।
বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলেও ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিতে যে সতর্কতা ও সংশয় তৈরি হয়েছে, তা সহজে দূর হবে না। প্রথমত, ট্রাম্পের খামখেয়ালি নীতিগুলো তাঁর পূর্বসূরিদের তিলে তিলে গড়ে তোলা আস্থাকে ক্ষুণ্ন করেছে। "বিনা দ্বিধায় বা পরামর্শ ছাড়াই ট্রাম্পের একতরফা পদক্ষেপ নেওয়ার প্রবণতা নতুন কংগ্রেস কীভাবে নিয়ন্ত্রণ করে, নয়াদিল্লি তার প্রাথমিক লক্ষণগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখবে।"
নয়াদিল্লির পররাষ্ট্রনীতি নির্ধারকদের চিন্তায় আরও কিছু বিষয় ঘুরপাক খাচ্ছে। ভারতীয় কর্মকর্তারা জানেন যে, রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরশীলতা এবং তা কেনার আগ্রহের বিষয়ে মার্কিন কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতাদেরই উদ্বেগ রয়েছে। এটি নয়াদিল্লির জন্য একটি উভয়সংকট তৈরি করেছে; কারণ উচ্চমূল্য এবং নির্দিষ্ট মানের অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল পরিশোধনাগারগুলোর কারণে ভারত চাইলেই সহজে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে পারবে না।
নয়াদিল্লি ও মস্কোর মধ্যকার সম্পর্ক শিথিল করার জন্য যদি বাইরের চাপ বাড়তে থাকে, তবে ভারতের রুশপন্থী লবি ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে আরও বেশি উৎসাহিত করতে পারে। বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য কোনো ছাড় না রেখে রাশিয়ার তেল বিক্রির বিরুদ্ধে মার্কিন কংগ্রেস যদি আরও কঠোর অবস্থান নেয়, তবে ভারতও অনমনীয় মনোভাব গ্রহণ করতে পারে।
তা ছাড়া, গত বছর ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের পর থেকে ইসলামাবাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লির ভেতরে ও বাইরে অনেকেই গভীরভাবে উদ্বিগ্ন। ভারত-শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট সেই সংকটের সময় ট্রাম্প দাবি করেছিলেন যে দুই প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীর মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে তিনি হস্তক্ষেপ করেছিলেন। কাশ্মীর ইস্যুতে যেকোনো বহিরাগত হস্তক্ষেপের ঘোর বিরোধী ভারত যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকার কথা অস্বীকার করে।
অন্যদিকে পাকিস্তান বলেছিল যে যুদ্ধবিরতি কার্যকর করতে ট্রাম্প প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং তারা মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। এর প্রতিদানে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এর পর থেকেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের খনিজ ও ক্রিপ্টোকারেন্সি সম্পদের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে এবং দেশটিও ট্রাম্প প্রশাসনকে বেশ কিছু লাভজনক চুক্তির প্রস্তাব দেয়।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখতে নতুন গঠিত সংশ্লিষ্ট কংগ্রেসনাল কমিটিগুলো কোনো আগ্রহ দেখায় কি না, ভারতীয় পর্যবেক্ষকেরা তা নিবিড়ভাবে লক্ষ করবেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি মার্কিন আইনপ্রণেতারা পাকিস্তানে ট্রাম্পের সন্তানদের করা বিনিয়োগ—বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি খাতের বিনিয়োগ—নিয়ে তদন্ত করতে পারেন।
নয়াদিল্লির পররাষ্ট্রনীতি নির্ধারকদের অনেকেই সম্ভবত ট্রাম্পের প্রেসিডেন্টসুলভ ক্ষমতায় কিছুটা সীমাবদ্ধতা আসাকে স্বাগত জানাবেন। কিন্তু দেশে ও বিদেশে মানবাধিকার—যেমন নাগরিক স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকারের—বিষয়ে গভীরভাবে সংবেদনশীল বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার বিজয়ের ফলে মোদির অধীন ভারতের গণতন্ত্রের অবস্থা নিয়ে আবারও নতুন করে প্রশ্নের মুখে পড়তে হতে পারে নয়াদিল্লিকে। ট্রাম্প অবশ্য গণতান্ত্রিক অবক্ষয় নিয়ে তেমন মাথা ঘামাতেন না এবং ভারতকে এ ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রবণতাই দেখাতেন।
ভারতের মানবাধিকার রেকর্ড এবং গণতন্ত্রের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে ঐতিহাসিকভাবে নয়াদিল্লির বাঁধাধরা উত্তর দুটি। প্রথমত, এসব বিষয় ভারতের অভ্যন্তরীণ এখতিয়ারভুক্ত এবং বাইরের কোনো পর্যালোচনা তার সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। দ্বিতীয়ত, গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখতে যেকোনো ব্যর্থতার যথাযথ প্রতিকার করার মতো নিজস্ব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভারতের রয়েছে। এই জবাবগুলো হয়তো ডেমোক্র্যাটদের সন্তুষ্ট করতে পারবে না; তাঁরা হয়তো ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন না, তবে এমন কিছু অবাধ্যতামূলক (নন-বাইন্ডিং) প্রস্তাব পাস করতে পারেন, যা নয়াদিল্লির জন্য অস্বস্তিকর হতে পারে।
অন্যান্য জটিল দ্বিপক্ষীয় ইস্যু—বিশেষ করে বাণিজ্য ও শুল্কের ক্ষেত্রে—কিছুটা অগ্রগতি দেখা যেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে যে একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এই ফ্রন্টে নয়াদিল্লির কর্মকর্তারা কিছুটা আশাবাদী; কারণ এই বাণিজ্যচুক্তির জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা, ট্রাম্প যদি অন্যান্য ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, তবে তিনি পররাষ্ট্রনীতিতে একটি সাফল্য দেখাতে চাইতে পারেন।
বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলেও ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিতে যে সতর্কতা ও সংশয় তৈরি হয়েছে, তা সহজে দূর হবে না। প্রথমত, ট্রাম্পের খামখেয়ালি নীতিগুলো তাঁর পূর্বসূরিদের তিলে তিলে গড়ে তোলা আস্থাকে ক্ষুণ্ন করেছে। এই আস্থার সামান্যতম অংশও ফিরিয়ে আনতে হলে রাজনৈতিকভাবে ব্যয়বহুল কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন বাণিজ্যে ছাড় দেওয়া অথবা ভিসা বিধিনিষেধ শিথিল করার সদিচ্ছা দেখানো। নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি সত্ত্বেও ট্রাম্প পররাষ্ট্রনীতিতে আরও সমঝোতামূলক অবস্থান নিতে রাজি হবেন কি না, তা এখনো এক বড় প্রশ্ন।
বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার অন্য মতপার্থক্যগুলোও সম্ভবত অব্যাহত থাকবে। খবরে প্রকাশ, ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। যেহেতু নতুন কংগ্রেস জানুয়ারির আগে বসবে না, তাই প্রেসিডেন্টের সামনে দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি সুযোগ ও তাগিদ থাকতে পারে। ইরানে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে নয়াদিল্লি তা ভালো চোখে দেখবে না; কারণ এতে আবারও গুরুত্বপূর্ণ তেল সরবরাহ বিঘ্নিত হবে এবং মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয় নাবিক ও প্রবাসীরা ঝুঁকির মুখে পড়বেন।
নির্বাচনী অনিয়মের অভিযোগে মোদি সরকার দেশের ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে রয়েছে। এই বিক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এটি ভারতের রাজনৈতিক বিরোধীদের আরও চাঙা করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প যদি ইরানে নতুন কোনো অভিযান শুরু করেন—যার ফলে ভারতে জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো গুরুতর প্রভাব পড়তে পারে—তবে নয়াদিল্লির পক্ষে নীরব থাকা সম্ভব হবে না।
গত সপ্তাহের ডেমোক্র্যাটদের বিজয় যে মার্কিন রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশেষ করে এখন থেকে জানুয়ারির মধ্যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত সিদ্ধান্তগুলোর ওপর এর কী প্রভাব পড়বে, তা এখনো অস্পষ্ট। নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে নয়াদিল্লি সম্ভবত নিজের অবস্থান স্পষ্ট করবে না। তবে শেষ পর্যন্ত ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে দ্বিপক্ষীয় সম্পর্ককে সত্যিকার অর্থে মেরামত করার কাজটি সম্ভবত ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত রাখাই সবচেয়ে ভালো হবে।
সুমিত গাঙ্গুলি ফরেন পলিসির একজন কলামিস্ট এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো। ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।