২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি বা রুটিন প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এই বিশেষ পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১ ডিসেম্বর সকালে ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে। ওই দিনই বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম পত্র এবং বিকেলে দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারিত হয়েছে। ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে এই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। সবশেষে ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষার সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষাসমূহও ১৫ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে।
এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা বোর্ড মোট ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়া, প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্র সঠিকভাবে পূরণ এবং ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহারের কঠোর নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য জারি করা ১১টি নির্দেশনা নিম্নরূপ—
১. “পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।”
২. “পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
৩. “৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সৃজনশীল—উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।”
*“সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় সকাল ১০টা ২৫ মিনিট।”
*“অন্যদিকে বেলা ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। বেলা ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম বেলা ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।”
৪. “প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।”
৫. “পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।”
৬. “প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।”
৭. “পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধু অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।”
৮. “প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়/বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।”
৯. “কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।”
১০. “পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।”
১১. “পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।”
উল্লেখ্য যে, প্রচলিত নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক বছর অপেক্ষা করে পরের বছরের পরীক্ষায় অংশ নিতে হতো। এতে অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও দীর্ঘ এক বছরের সময় অপচয় হতো। শিক্ষার্থীদের এই ভোগান্তি কমাতে এবার শিক্ষা বিভাগ এক মাসের মধ্যেই সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।