ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক ছাত্র। তাঁর স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকা।

বৃহস্পতিবার ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রদান করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মুক্তকণ্ঠকে বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক পরবর্তী স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বেলা দুইটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় মো. সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, এর আগেও দুই দিনে টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।