দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ তানভির হুসাইন। গত ১ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, একটি ভবিষ্যৎমুখী ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা বাংলালিংক চালিয়ে যাচ্ছে, এই নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির নেতৃত্ব আরও সুসংহত ও শক্তিশালী হবে।
সৈয়দ তানভির হুসাইন পেশাগত জীবনে তিন দশকেরও বেশি সময়ের এক দীর্ঘ অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তিত্ব। যার মধ্যে দুই দশকেরও বেশি সময় তিনি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মানবসম্পদ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানের সাংগঠনিক পরিবর্তন আনা, দক্ষ কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি বিকাশ, ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং কর্মীদের সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছেন।
টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা এবং উৎপাদনসহ বিভিন্ন বৈচিত্র্যময় খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে সৈয়দ তানভির হুসাইনের। এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন এবং কর্মীদের দক্ষতা ও কাজের মানের ওপর গুরুত্বারোপ করে একটি উন্নত কর্মসংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বাংলালিংকে যোগদানের আগে তিনি আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল এইচআর হেড হিসেবে কর্মরত ছিলেন। এর আগে এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এসব প্রতিষ্ঠানে থাকাকালীন ব্যবসায়িক কৌশল প্রণয়ন, প্রবৃদ্ধি অর্জন এবং ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার সাথে তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া গ্রামীণফোনে পাঁচ বছরেরও বেশি সময় তিনি চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন এই দায়িত্ব গ্রহণ করে সৈয়দ তানভির হুসাইন বলেন, ‘বাংলালিংকের যাত্রার এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, কর্মীদের আরও দক্ষ করে তোলা, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা একটি গতিশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব।’