যশোর শহরের আদালতপাড়া ও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার পর এসব বিস্ফোরণের ফলে পুরো শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের পুরোনো আদালত ভবনের সামনে দুটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরও একটি ককটেল ফাটে।

এছাড়া নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, “মোটরসাইকেলে এসে কয়েকজন এসব ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।”

ঘটনার পরপরই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশেষ টহল বাড়ানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে।

যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “কয়েকজন দুর্বৃত্ত শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। যে মোটরসাইকেলে চড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।”

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, “হামলাকারীদের শনাক্ত করতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।”

এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। লালদিঘির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।