দশ বছর আগে সাতক্ষীরার কুখরালীর বাসিন্দা মোকলেছুর রহমান জনিকে অপহরণ, হত্যা এবং গুম করার অভিযোগে দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। তৎকালীন এক পুলিশ কর্মকর্তার করা এই আবেদনটি খারিজ করে আজ বৃহস্পতিবার রায় দিয়েছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতের এই রায়ের ফলে তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে চলমান মামলার কার্যক্রম এগিয়ে নিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৪ আগস্ট হোমিও চিকিৎসক মোকলেছুর রহমান নিখোঁজ হন। দীর্ঘ সময় তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২০১৭ সালের ২ মার্চ হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়। রিটটির প্রাথমিক শুনানির পর আদালত রুলসহ প্রয়োজনীয় আদেশ প্রদান করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২৩ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে উল্লেখ করেন যে, রিট আবেদনকারী যদি এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চান, তবে সংশ্লিষ্ট থানা তা গ্রহণ করবে। এছাড়া আবেদনকারী চাইলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা করার সুযোগ পাবেন।

নথিপত্র থেকে জানা যায়, মোকলেছুরকে অপহরণ ও হত্যার পর লাশ গুম করার অভিযোগে ২০২১ সালের ১৭ আগস্ট সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তাঁর বাবা শেখ আবদুর রাশেদ। এই মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। তাঁরা হলেন—সাতক্ষীরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ, পরবর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লা এবং তৎকালীন উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন।

সাতক্ষীরার ওই মামলার কার্যক্রম বাতিল করার আবেদন জানিয়ে ২০২৪ সালে হাইকোর্টে আবেদন করেন সাবেক ওসি ফিরোজ হোসেন। প্রাথমিক শুনানির পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন। তবে চূড়ান্ত শুনানির পর আজ সেই রুল খারিজ করে রায় ঘোষণা করা হয়।

আদালতে বাদীপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী মো. তানভীর আহমেদ এবং রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম।

মামলার ওপর আগে দেওয়া স্থগিতাদেশ আদালত প্রত্যাহার করেছেন জানিয়ে আইনজীবী তানভীর আহমেদ বলেন, “রুল খারিজ হওয়ায় তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলাটির কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা রইল না।”

এদিকে নিখোঁজ ছেলের কোনো সন্ধান এখনো মেলেনি বলে জানিয়েছেন বাবা শেখ আবদুর রাশেদ। তিনি জানান, আগামী ২২ নভেম্বর সাতক্ষীরা আদালতে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রিটের পূর্বাপর ও তদন্ত প্রতিবেদন:
মামলা সূত্রে জানা যায়, মোকলেছুরের সন্ধান চেয়ে পরিবারের করা রিটের প্রাথমিক শুনানির পর ২০১৭ সালের ৬ মার্চ হাইকোর্ট নিখোঁজের বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারকে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। পুলিশ তাদের প্রতিবেদনে জানায়, মোকলেছুরকে গ্রেপ্তার করা হয়নি। এই পরিস্থিতিতে আদালত বিচারিক তদন্তের নির্দেশ দিলে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ তদন্ত শেষে হাইকোর্টে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, পুলিশ মোকলেছুরকে গ্রেপ্তার করে তিন দিন থানায় আটকে রেখেছিল এবং পরবর্তীতে তা অস্বীকার করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এরপর ২০১৭ সালের ১৬ জুলাই ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয় হাইকোর্ট। ২০১৮ সালের ২১ জানুয়ারি পিবিআই আদালতে তাদের প্রতিবেদন জমা দেয়। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি মো. এমদাদুল হক শেখ, এসআই হিমেল এবং পরবর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন না করায় নিখোঁজের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হয়নি, যার ফলে পুলিশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রতিবেদনে দায়িত্ব পালনে চরম অদক্ষতা ও অবহেলার দায়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

পিবিআইয়ের অনুসন্ধান এবং রিটকারীর দাখিল করা প্রতিবেদনের ওপর শুনানি শেষে ২০১৮ সালের ২৩ জানুয়ারি হাইকোর্ট সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি থানায় জিডি বা আদালতে নালিশি মামলা করার নির্দেশ দিয়েছিলেন।