“ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে। আমি বই পড়েছি। আমার বিশ্বাস, ফল ভালো হবে”—বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ধরা পালের কণ্ঠে ছিল এমন উচ্ছ্বাস ও উদ্দীপনা।
আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এই বিশেষ বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এবং মুক্তকণ্ঠের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের পাশেই অবস্থিত কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে। সকাল সোয়া নয়টার দিকে সেখানে সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শেষ করে কেউ কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউবা পাঠাগারের মূল অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে অনেক শিক্ষার্থী তখনো পরীক্ষার হলে ব্যস্ত ছিল।
পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বেঞ্চে বসে ছিল জামিয়া আক্তার। তার কাছে পরীক্ষার অভিজ্ঞতা জানতে চাইলে সে হাসিমুখে বলে, “খুব ভালো হয়েছে। বই পড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মনে হচ্ছে, এমন আয়োজন নিয়মিত হলে ভালো হতো।”
অন্যদিকে, ফাহিম মুনতাসির নামের এক শিক্ষার্থী জানায়, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত ব্যতিক্রমী মনে হয়েছে। পরীক্ষার জন্য তাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়েছে এবং সে ভালো ফলের আশা করছে। আরেক শিক্ষার্থী তুলি সেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “জীবনে প্রথম এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে বই পড়ার ওপর পরীক্ষা দিলাম। এটা দারুণ উদ্যোগ।”
সকাল থেকেই অনুষ্ঠানস্থলে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্মসূচির শুরুতেই শিক্ষার্থীদের বই নিবন্ধন এবং বই বিতরণের কাজ সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের মাঠে অপেক্ষারত অভিভাবকদের প্রত্যাশা ছিল—এ ধরনের উদ্যোগ সন্তানদের বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এ আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তাঁরা। কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে এতে অংশ নিয়েছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও মুক্তকণ্ঠের পরামর্শক মুনির হাসান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) সঙ্গে প্রতিযোগিতা করা যাবে না, আবার এআইয়ের কাছে সবকিছু দিয়ে দেওয়াও যাবে না। এআইকে টুলস হিসেবে ব্যবহার করতে হবে, যেন এটাকে কাজে লাগিয়ে নিজের উন্নতি করা যায়।”
বই পড়ার গুরুত্ব ব্যাখ্যা করে মুনির হাসান আরও বলেন, “বই পড়লে জানাশোনা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। তাই মোবাইলের পর্দায় বেশি সময় না দিয়ে বই পড়ায় মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, ‘ক’ বিভাগে (চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি) যৌথভাবে প্রথম হয়েছে জামালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস ও জামালপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাজিনা তাসনিম। যৌথভাবে দ্বিতীয় হয়েছে তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস ও জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাবিবুল্লাহ রাফিন। তৃতীয় হয়েছে খৈকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহসিন আকন্দ।
‘খ’ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম হয়েছে কালীগঞ্জ আর আর এন পাইলট স্কুলের ইয়াসির আরাফাত, দ্বিতীয় হয়েছে সেন্ট মেরীস গার্লস হাই স্কুলের সাদিয়া সুলতানা এবং যৌথভাবে তৃতীয় হয়েছে বেগম রাবেয়া আহমেদ উচ্চবিদ্যালয়ের ফাহমিদা আক্তার ও চুপাইর (সুপায়ের) উচ্চবিদ্যালয়ের নবদ্বীপ কুমার সূত্রধর।
‘গ’ বিভাগে (নবম থেকে দশম) প্রথম হয়েছে সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের সাইফ আল হাসান, দ্বিতীয় হয়েছে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুসরাত ফারিয়া এবং যৌথভাবে তৃতীয় হয়েছে তুমিলিয়া বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আলী আজগর ও লিরিক চন্দ্র।
‘ঘ’ বিভাগে (একাদশ থেকে স্নাতকোত্তর) প্রথম হয়েছে আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের ফাহমিদা খান, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের মোসা. জান্নাতুন এবং তৃতীয় হয়েছে সেন্ট মেরীস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া আক্তার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এই সময়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও মুক্তকণ্ঠের পরামর্শক মুনির হাসান কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে বই উপহার দেন। বেলা দুইটার দিকে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।