ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্লাব কার্যক্রম-২০২৬। ১৩-১৪ অক্টোবরের এ আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমের বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল সুর—‘মেধা, মনন-সৃজন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বুনি আগামীর স্বপ্ন’।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানিত অতিথিরা। এ পর্বে বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএর সভাপতি বার্থা গীতি বাড়ৈ, সাধারণ সম্পাদক সিলভিয়া শান্তশ্রী মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ অনুভূতি সিনহা ও বিদ্যালয়ের অধ্যক্ষ ফ্লোরেন্স গমেজ। তারা ক্লাবভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে বক্তব্য দেন লেখক, সংগঠক ও মুক্তকণ্ঠের পরামর্শক মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্লাব কার্যক্রম শুধু বিনোদন নয়, এটি ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
এবারের ক্লাব কার্যক্রমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে বিজ্ঞান, আইসিটি, পরিবেশসহ মোট ১৩টি ক্লাব। দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রথমা প্রকাশনের স্টল, যেখানে ছাত্রীরা সায়েন্স ফিকশন, গণিত, ফিজিকসের নানা বই কিনতে পেরেছে। আজ বুধবার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে এ আয়োজন শেষ হয়।