দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন রোগী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ), যেখানে মোট ৯২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, রাজশাহীতে ২১৬ জন, বরিশালে ১৮৫ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য যে, চলতি বছরের মে মাস থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ তীব্র হতে শুরু করে। এরপর প্রতি মাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়। সাধারণত নভেম্বরে এই রোগের প্রকোপ কমে আসার কথা থাকলেও এবার তা কমছে না।