প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রথম সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছিল গত সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এরপর চলতি নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় তাঁদের দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয়। আন্তর্জাতিক ফোরামের ফাঁকে দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আন্তালিয়ায় এই উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। বিশ্লেষকদের দৃষ্টিতে, মাত্র দুই মাসের ব্যবধানে বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতাদের এই ঘন ঘন বৈঠক কেবল সাধারণ কূটনৈতিক যোগাযোগ নয়, বরং এটি ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্ক কোন নতুন দিশায় এগোচ্ছে, তার একটি স্পষ্ট ইঙ্গিত।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মাঝামাঝি সময় থেকে দুই দেশের সম্পর্কের গতিপ্রকৃতিতে পরিবর্তন আসে এবং একটি ইতিবাচক ধারার নতুন ভিত্তি তৈরি হয়। গত ১০ নভেম্বর দুই শীর্ষ নেতার আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ, উড়োজাহাজ চলাচল এবং প্রতিরক্ষাশিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার বাস্তবায়ন তখন থেকেই শুরু হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলেও এই ধারা অব্যাহত থাকে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার যোগাযোগ সচল ছিল। এখন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
১০ নভেম্বরের সেই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ, উড়োজাহাজ চলাচল ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের অব্যাহত সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও বহুমুখী করার পাশাপাশি এই খাতে যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশে নিজস্ব প্রতিরক্ষাশিল্প গড়ে তোলা এবং সেখানে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ বিস্তারিত আলোচনা করে।
পেছনের দিকে তাকালে দেখা যায়, একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে একসময় বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে গিয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিল তুরস্কের তৎকালীন সরকার। এর ফলে ২০১৬ সালে তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়, যা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি করেছিল। তবে সেই কঠিন সময়েও বাংলাদেশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছিল।
পরবর্তীতে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা দুই দেশের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। প্রথমটি ছিল ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের পাঠানো চিঠি। দ্বিতীয়টি ছিল ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা ঢলের পর সেপ্টেম্বরে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের বাংলাদেশ সফর এবং কক্সবাজারের শিবির পরিদর্শন।
কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও সুসংহত করতে চাইছে। বৈশ্বিক পরিমণ্ডলে জোরালো অবস্থান গড়তে আঙ্কারা এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে বিশেষভাবে মনোযোগী হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে তুরস্কের প্রতিক্রিয়াকে সামনে না এনে, আঙ্কারা এটি লক্ষ্য করেছে যে ঢাকা ঐতিহাসিকভাবেই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, যার প্রমাণ তারা পেয়েছিল ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশের বার্তায়।
তাই রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টিকে তুরস্ক সম্পর্কের উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহার করে। এরই ধারাবাহিকতায় তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশ সফর করেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সংকটের প্রতি মনোযোগ ধরে রাখতে তুরস্কের ভূমিকা সম্পর্কের ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হয়। এরপরই সম্পর্কের রাজনৈতিক ভিত্তি পুনর্গঠনের পাশাপাশি অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতি আঙ্কারার আগ্রহ বাড়তে থাকে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরিমণ্ডলে নিজের অবস্থান শক্ত করতে আঙ্কারা এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে তুরস্ক ২০১৯ সাল থেকে ‘এশিয়া এনিউ’ উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি শুরু করে।
দুই দেশের বাণিজ্যের পরিমাণও এই সম্ভাবনার ইঙ্গিত দেয়। ২০২৫ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩৫ কোটি ডলারে পৌঁছায় এবং দুই দেশই এই বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ঢাকা-আঙ্কারা সম্পর্কের গুণগত পরিবর্তনের বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে ব্যবসা ও বিনিয়োগ। তুরস্কের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজার, জনশক্তি ও উৎপাদন সক্ষমতার প্রতি আগ্রহী। এর একটি বড় উদাহরণ হলো তুরস্কের আর্সেলিকের সিঙ্গার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ। ২০২০ সালে প্রায় ৭৫ মিলিয়ন ডলারের এই বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন খাতে তুর্কি প্রতিষ্ঠানের আগ্রহের বড় দৃষ্টান্ত।
জ্বালানি খাতেও তুরস্কের বিনিয়োগের উদ্যোগ দেখা গেছে। তুরস্কের এলপিজি প্রতিষ্ঠান আইগ্যাজ বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সঙ্গে জ্বালানি খাতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ নেয়। এসব উদ্যোগের ফলে দুই দেশের সম্পর্ক কেবল সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না থেকে বেসরকারি খাতেও বিস্তৃত হয়েছে। ব্যবসায়ীদের মতে, তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি, ইলেকট্রনিকস ও জ্বালানি খাতে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তবে সম্ভাবনার তুলনায় বাণিজ্যের পরিমাণ এখনো সীমিত। বিনিয়োগ বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা এবং ব্যবসায়িক যোগাযোগ কার্যকর করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
প্রতিরক্ষা খাতের কথা বললে, বাংলাদেশের মতো সরঞ্জাম আমদানিনির্ভর দেশের জন্য তুরস্ক এখন একটি গুরুত্বপূর্ণ বিকল্প সরবরাহকারী। গত এক দশকে তুরস্ক ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, সাঁজোয়াযান, নৌযান ও সামরিক যোগাযোগব্যবস্থা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। আওয়ামী লীগ সরকারের শেষভাগে এই সহযোগিতা নতুন মাত্রা পায়। ২০২১ সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে প্রায় ছয় কোটি ডলারের সমরাস্ত্র কেনে বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই বছর তুরস্কের রকেটসানের তৈরি টিআরজি-৩০০ কাপলান ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়।
সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি তুরস্কে বাংলাদেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। ২০২১ সালের আগস্টে তৎকালীন সেনাপ্রধান তুরস্ক সফর করে দেশটির প্রতিরক্ষাশিল্পের শীর্ষ কর্মকর্তা ও সামরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, যেখানে সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচিত হয়। বিশ্লেষকদের মতে, এই সহযোগিতাকে কেবল কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, রক্ষণাবেক্ষণ এবং যৌথ উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার আগ্রহ বাংলাদেশের রয়েছে।
২০২৩ সালের এপ্রিলে ঢাকায় তৃতীয় বাংলাদেশ-তুরস্ক সামরিক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ মহড়া ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতার কথা উঠে আসে। এই ধারাবাহিকতা ২০২৪ সালের ৫ আগস্টের পরও বজায় থাকে। ২০২৫ সালের জুলাইয়ে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন বাংলাদেশ সফর করেন এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। এই সফরে প্রতিরক্ষাপ্রযুক্তি, সরঞ্জাম কেনাকাটা এবং নিজস্ব প্রতিরক্ষাশিল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। সফরকারী প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবহৃত তুর্কি প্রতিরক্ষা সরঞ্জামগুলো সরেজমিনে দেখেন।
একই বছরের অক্টোবরে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্ক সফর করেন এবং তুর্কি বিমানবাহিনীর প্রধান ও প্রতিরক্ষাশিল্প সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ২০২৬ সালের জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের পাঁচ দিনের তুরস্ক সফর প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বকে আরও ফুটিয়ে তোলে। তিনি দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষাশিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সশস্ত্র বাহিনীর এই সফরবিনিময় প্রমাণ করে যে, প্রতিরক্ষা সহযোগিতা এখন দুই দেশের সম্পর্কের একটি মজবুত ভিত্তি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কথা বলা হলেও তুরস্কের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো বদল দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, এর কারণ হলো সম্পর্কের ভিত্তি এখন কেবল রাজনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক প্রশিক্ষণ, বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের স্বার্থ তৈরি হয়েছে। ফলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সহযোগিতা বন্ধ হওয়ার কোনো কারণ ছিল না।
অন্তর্বর্তী সরকারের সময়েও তুরস্কের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ অব্যাহত ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো নিয়ে আলোচনা করে। একই বছরের এপ্রিলে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ২০২৫ সালের অক্টোবরে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি ঢাকায় চতুর্থ রাজনৈতিক পরামর্শ বৈঠকে অংশ নেন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি সহযোগিতার পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বেড়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজির উপস্থিতি ছিল ইতিবাচক যোগাযোগের প্রাথমিক ইঙ্গিত।
মার্চে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে তুরস্কে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। এপ্রিলে তিনি আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন। এরপর জুনে হাকান ফিদান ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক করার বিষয়ে আলোচনা করেন। এই সফরকালে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠন, পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠক ও নিয়মিত টু প্লাস টু বৈঠক আয়োজনের কথা ঘোষণা করা হয়।
তখন হাকান ফিদান বলেছিলেন, “তাঁর ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম ধাপ।” টু প্লাস টু বৈঠকের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা একই কাঠামোয় বসে রাজনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনা করতে পারবেন। এর ফলে প্রতিরক্ষা সহযোগিতা কেবল বিচ্ছিন্ন কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর কৌশলগত আলোচনার অংশ হবে।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারের মাধ্যমে তুরস্ক দক্ষিণ এশিয়ায় নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে চায়। একই সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্পের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। দক্ষিণ এশিয়ার বড় বাজার, বিপুল জনসংখ্যা, উৎপাদন সক্ষমতা এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশ আঙ্কারার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের ‘এশিয়া এনিউ’ উদ্যোগের লক্ষ্যই হলো এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো।
অন্যদিকে বাংলাদেশের জন্যও তুরস্কের গুরুত্ব বাড়ছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির বিকল্প উৎস তৈরি করা বাংলাদেশের জন্য জরুরি। তুরস্কের নিজস্ব প্রতিরক্ষাশিল্প থেকে সরঞ্জাম কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগ রয়েছে। পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে তুরস্ক একটি সম্ভাবনাময় অংশীদার।
রোহিঙ্গা সংকটেও তুরস্ক বাংলাদেশের পাশে রয়েছে। মানবিক সহায়তা, কক্সবাজারে ফিল্ড হাসপাতাল পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যায়ে সংকটটির প্রতি মনোযোগ ধরে রাখতে আঙ্কারার ভূমিকা প্রশংসনীয়। ১০ নভেম্বরের বৈঠকেও রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় তুরস্কের সমর্থন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অর্থ এই নয় যে অন্য কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক কমিয়ে দেওয়া হবে; বরং এটি বাংলাদেশের জন্য সরবরাহ ও প্রযুক্তির উৎস বহুমুখী করার একটি প্রক্রিয়া। তবে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়লেও তা এখনো সম্ভাবনার তুলনায় সীমিত। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে কেবল সরঞ্জাম কেনাকাটা নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সরঞ্জাম কেনার ক্ষেত্রে মূল্য, অর্থায়ন, সরবরাহের সময়, প্রযুক্তিগত সক্ষমতা ও বিক্রয়-পরবর্তী সেবাও বিবেচনায় নিতে হবে।
সব মিলিয়ে ঢাকা-আঙ্কারা সম্পর্ক এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। গত এক দশকে তিন সরকারের আমলের এই ধারাবাহিকতা প্রমাণ করে যে, দুই দেশের পারস্পরিক স্বার্থ এখন রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে উঠে একটি দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করেছে। তবে এই সম্পর্কের প্রকৃত সাফল্য নির্ভর করবে উচ্চপর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা কতটা বাস্তব বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও প্রতিরক্ষা সহযোগিতায় রূপ নেয়, তার ওপর।