লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরাকের সাবেক আইনপ্রণেতা আহমেদ আল–আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে বর্তমানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে লেবাননের কর্তৃপক্ষ।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র গত মঙ্গলবার আল–জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে আল–আলওয়ানির মৃত্যুর প্রকৃত কারণ বা পদ্ধতি সম্পর্কে ওই সূত্রটি বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল–জাদিদে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দেশটির প্রধান কৌঁসুলি আহমেদ রামি আল–হাজ্জ ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত তদারকি করছেন। তদন্ত প্রক্রিয়াটি পরিচালনা করছে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল–আলওয়ানির কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে তাঁর মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ ও ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ অপরাধ’ বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, “শুধু শোক ও নিন্দা জানিয়ে ঘটনাটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারা হত্যার পরিকল্পনা করেছে, কারা তা বাস্তবায়ন করেছে এবং আর কারা জড়িত ছিল, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। এ ঘটনায় জড়িত কেউই বিচারের বাইরে থাকতে পারবেন না।”

লেবাননের একটি বিচার বিভাগীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে যে, আল–আলওয়ানিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে এক লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারী কর্তৃপক্ষ আরও দুই সিরীয় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা বর্তমানে পলাতক। জানা গেছে, গত সপ্তাহে বৈরুতে পৌঁছানোর পর ওই দুই ব্যক্তি বিমানবন্দর থেকে আল–আলওয়ানিকে তাঁর হোটেলে নিয়ে গিয়েছিলেন।

আহমেদ আল–আলওয়ানি ছিলেন একজন প্রভাবশালী সুন্নি রাজনীতিবিদ। তিনি ইরাকের পার্লামেন্টে দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করতেন। ২০১২ ও ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল–মালিকির নেতৃত্বাধীন শিয়াপ্রধান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। সে সময় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, সরকার সাম্প্রদায়িক নীতি অনুসরণ করছে এবং সুন্নি জনগোষ্ঠীকে কোণঠাসা করে রাখছে।

ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাব এবং ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন আল–আলওয়ানি।

২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে আল–আলওয়ানির বাড়িতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। ওই রক্তক্ষয়ী অভিযানে তাঁর ভাইসহ আরও কয়েকজন নিহত হন এবং আল–আলওয়ানিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ২০১৪ সালে সন্ত্রাসবাদের অভিযোগে আল–আলওয়ানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এক দশকেরও বেশি সময় কারাগারে বন্দি থাকার পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান।

লেবাননে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেদা আল–হুসেইনি মঙ্গলবার জানিয়েছেন, ইরাকি দূতাবাস পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ জানতে লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দূতাবাস।