ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্র খোর মোরে এক ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্যাসক্ষেত্রটির যাবতীয় উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার একটি ড্রোন হামলা সুলাইমানিয়া প্রদেশের এই গ্যাসক্ষেত্রের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। এই আঘাতের ফলে ট্যাংকে ভয়াবহ আগুন ধরে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্যাসক্ষেত্রটির কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, একটি ড্রোন সরাসরি এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত করার পর উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সূত্রগুলো আরও জানায়, হামলার পর সৃষ্ট আগুনের লেলিহান শিখা তখনো জ্বলছিল।
নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র থেকে জানা গেছে, গ্যাসক্ষেত্রটি থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলোর দাবি, হামলার পরপরই গ্যাসক্ষেত্রের কর্মীদের সেখানকার স্থাপনার ভেতরে থাকা বিশেষ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।” তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
উল্লেখ্য, এই গ্যাসক্ষেত্রটি থেকে ওই অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হয়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার কারণে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস এর আগেও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করেছে। গত জুলাই মাসে নিরাপত্তা হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে তারা তাদের প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তবে এর কিছুদিন পর পুনরায় উৎপাদন শুরু করা হয়।
এদিকে, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ইরাক অন্যতম ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে। ওই অঞ্চলে জাহাজ চলাচল এখনো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন জাহাজ হামলার মুখে পড়ায় প্রণালিটিতে নৌ চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার এই সময়ে প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে বাগদাদ। তবে এই সংঘাতের মধ্যেই তেহরান উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে, সংঘাতের শুরুর দিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়েছিল।