বাঁ হাত নেই, আর ডান হাতে রয়েছে মাত্র দুটি আঙুল। এই সীমাবদ্ধতাকে সঙ্গী করেই জীবনযুদ্ধের জয়গান গাইছেন ২৮ বছর বয়সী সুদীপ্ত দে মান্তু। শারীরিক প্রতিবন্ধকতা তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি; বরং নিজের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে তিনি আজ স্বাবলম্বী। ইলেকট্রনিকস পণ্য মেরামতের কাজে দক্ষ হয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা। গত আট বছর ধরে নিজের উপার্জনেই তিনি সামলাচ্ছেন সংসারের যাবতীয় খরচ এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য সঞ্চয় করছেন টাকা।
মাদারীপুর শহরের নতুন শহর এলাকার হামিদ আখন্দ সড়কের ৩ নম্বর ওয়ার্ডে সুদীপ্তর বসতবাড়ি। তাঁর বাবা শ্যামল দে একটি টাইলসের দোকানে শ্রমিক হিসেবে কর্মরত এবং মা অলোকা রানী দে একজন গৃহিণী। চার সদস্যের এই পরিবারে সুদীপ্ত এখন এক অনুপ্রেরণার নাম। তাঁর লক্ষ্য এখন আরও বড়; তিনি চান শহরে একটি বড় ইলেকট্রনিকস পণ্যের দোকান স্থাপন করতে এবং বরিশালের গৌরনদীতে মামাবাড়িতে একটি গরুর খামার গড়ে তুলতে।
সুদীপ্তর পরিবারের সূত্রে জানা গেছে, স্কুলজীবন থেকেই ইলেকট্রনিকসের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। ২০০৯ সালে যখন তিনি স্কুলে পড়তেন, তখন অবসর সময়ে প্রতিবেশী বিপুল বাড়ৈয়ের ইলেকট্রনিকস দোকানে যেতেন। সেখানে বিভিন্ন যন্ত্রপাতির মেরামতের কাজ দেখার মাধ্যমে তিনি ধীরে ধীরে এই কারিগরি দক্ষতা অর্জন করেন। পরবর্তীতে ওই দোকানেই তিনি টানা চার বছর কর্মচারী হিসেবে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন।
পেশাগত দক্ষতার পাশাপাশি পড়াশোনাতেও পিছিয়ে ছিলেন না সুদীপ্ত। ২০১৪ সালে মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে তিনি এসএসসি পাস করেন। এরপর ২০১৭ সালে মাদারীপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ২০২৩ সালে ডিগ্রি পাস করে তাঁর শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেন।
২০১৮ সালে নিজের দোকান ভাড়া নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন সুদীপ্ত। পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজও চালিয়ে যান তিনি। আট বছরের এই নিরলস পরিশ্রমে তিনি আজ আর্থিকভাবে স্থিতিশীল। দোকানের যাবতীয় খরচ মিটিয়ে প্রতিদিন তাঁর প্রায় দুই হাজার টাকা আয় হয়।
এক পর্যায়ে চাকরির চেষ্টাও করেছিলেন তিনি। ২০১৮ সালে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ একটি পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিলেও সফল হননি। তবে সেই ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি। চাকরির পেছনে না ছুটে নিজের দক্ষতা ও ব্যবসার ওপর ভরসা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বড় দোকান এবং খামার গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিদিন নিজের আয় থেকে এক হাজার টাকা সঞ্চয় করছেন তিনি, যা তিনি গত বছর দেড়েক ধরে নিয়মিত করে আসছেন।
শারীরিক সীমাবদ্ধতা নিয়ে কোনো হতাশা নেই সুদীপ্তর মনে। মুক্তকণ্ঠকে তিনি বলেন, “শারীরিক সমস্যা কখনো আমার কাছে সমস্যার কারণ হয়নি। বন্ধুরাই ছিল আমার শক্তি। বন্ধুরা আমাকে সব সময় সবকিছুতে নিজেদের কাছাকাছি রেখেছে। আমি প্রতিবন্ধী, সেটা কখনো বুঝতে দেয়নি। স্কুলে পড়ার সময় বন্ধুরা যেভাবে সহযোগিতা করেছে, তা ভোলার নয়। ওদের জন্যই পড়ালেখা শেষ করতে পেরেছি। পরিবার ও প্রতিবেশীরাও আমাকে সহযোগিতা করেছেন। কারও কাছ থেকে কটুকথা শুনতে হয়নি। জীবন নিয়ে আমি হতাশ নই, খুব সুখী মানুষ আমি।”
নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুদীপ্ত আরও বলেন, “ব্যবসা আর ইলেকট্রনিকস পণ্য মেরামত করে ভালোই আছি। এখন আমার লক্ষ্য, একটি বড় ইলেকট্রনিকস পণ্যের দোকান ও গরুর খামার করা। টাকা জমিয়ে সেই লক্ষ্য পূরণের চেষ্টা করছি।”
প্রতিবেশী ব্যবসায়ী সঞ্জয় বাড়ৈ, যাঁর সামনেই সুদীপ্তর বেড়ে ওঠা, তিনি সুদীপ্তর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বে মুগ্ধ। সঞ্জয় বাড়ৈ মুক্তকণ্ঠকে বলেন, “সুদীপ্ত আমাদের গর্ব। কাজের বাইরেও ওর আন্তরিকতার কমতি নেই। গরিব মানুষকেও সে সহযোগিতা করে। কেউ এসে খালি হাতে ফিরে যায় না।”
তবে সন্তানের স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মা-বাবার মনে রয়ে গেছে কিছু উদ্বেগ। বিশেষ করে মা অলোকা রানী দে চিন্তিত যে, তাঁদের অবর্তমানে সুদীপ্ত কীভাবে জীবন অতিবাহিত করবেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “সুদীপ্ত যা করেছে, নিজের চেষ্টাতেই করেছে। চোখের সামনে সবাই যখন স্বাভাবিক জীবনযাপন করে, তখন নিজের ছেলের এমন অবস্থা দেখতে মা হিসেবে কষ্ট লাগে। আমরা যখন থাকব না, তখন ওকে কে দেখবে? প্রতিবন্ধী ছেলে জন্ম দেওয়ার পর সরকারি ভাতার কার্ড করতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। অনেকে কটাক্ষ করেছেন। অনেক কষ্টে কার্ড করিয়েছি। এখন ও নিজের পায়ে দাঁড়িয়েছে, সংসারে কমবেশি খরচ দেয়। এটা ভালো লাগে।”
সুদীপ্তর এই জীবনসংগ্রামের কথা শুনে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। তিনি বলেন, “সুদীপ্তকে কেউ দমিয়ে রাখতে পারেনি। শত বাধা পেরিয়ে তিনি এগিয়ে গেছেন। তিনি সবার জন্য অনুপ্রেরণা। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাঁকে সহযোগিতা করতে চাই। তিনি আমাদের কাছেও গর্বের। তাঁর কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে বা কোনো বিষয়ে আবেদন জানালে সাধ্যের মধ্যে তা দেওয়ার চেষ্টা করব।”