কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত অভিনেত্রী জিওন দো ইয়ন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছেন। তবে তাঁর নতুন সিনেমা ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে যে পরিমাণ প্রশংসা এসেছে, তা তাঁকে রীতিমতো অবাক করেছে। অভিনেত্রীর মতে, এই সিনেমাটির শুটিং প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বাভাবিক ও সাবলীল, তাই অভিনয় নিয়ে এত বড় ধরনের প্রশংসার প্রত্যাশা তিনি করেননি।

পরিচালক লি চ্যাং ডংয়ের এই চলচ্চিত্রে জিওন অভিনয় করেছেন মি ওক নামের এক নারীর চরিত্রে, যিনি চাকরি হারানো কারখানা শ্রমিক হো সোকের (সল কিয়ং গু) স্ত্রী। মি ওক একজন বাস্তববাদী এবং আশাবাদী নারী, যিনি স্বামীর নানা প্রতিকূলতা ও সংকটের মাঝেও অত্যন্ত দৃঢ়তার সাথে পরিবারকে আগলে রাখেন। গল্পের এক পর্যায়ে তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে তথ্যচিত্র নির্মাতা ইয়ে জি (জো ইয়ো জিয়ং) এবং তাঁর ধনী স্বামী সাং উয়ের (জো ইন সুং) জীবন।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’ সিনেমার পর দীর্ঘ আট বছরের বিরতি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ফিরেছেন পরিচালক লি চ্যাং ডং। তাঁর এই নতুন সৃষ্টি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি বিভাগের গ্র্যান্ড প্রিক্স এবং সিলভার লায়ন পুরস্কার জয় করেছে। গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘পসিবল লাভ’।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর আবারও লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন জিওন। এর আগে ২০০৭ সালে পরিচালকের ‘সিক্রেট সানশাইন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, যার জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মাননা পান জিওন।

সম্প্রতি একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে নিজের অভিনয় নিয়ে পাওয়া প্রশংসার বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি অবাক হয়েছি। “সিক্রেট সানশাইন”-এ শিন আ চরিত্রের মতো এখানে তীব্র বা নাটকীয় আবেগের কোনো বিষয় ছিল না।”

শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জিওন বলেন, “লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করছি বলে কঠিন একটি প্রকল্পের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শুটিং সেটের পরিবেশ ছিল অবিশ্বাস্য রকমের ভালো। সবকিছু এত স্বাভাবিকভাবে এগোচ্ছিল, গল্পেও বড় কোনো ঘটনা ঘটছিল না। একসময় আমার মনে হয়েছিল, এভাবে সিনেমার শুটিং করা ঠিক হচ্ছে তো?”

ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পরও নিজের অভিনয় নিয়ে সংশয় ছিল জিওনের। প্রদর্শনী শেষে দর্শকেরা প্রায় ছয় মিনিট ধরে করতালি দিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীদের অভিনন্দন জানান। সেই মুহূর্তে তিনি পরিচালকের কাছে নিজের পারফরম্যান্স সম্পর্কে জানতে চান।

জিওন জানান, “প্রদর্শনীর পর পেছনে গিয়ে আমি লি চ্যাং ডংকে জিজ্ঞাসা করেছিলাম, আমি সত্যিই ভালো অভিনয় করেছি কি না। তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি ভালো করেছি। তিনি সাধারণত এমনটা করেন না।”

বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে যে, ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেতে পারেন জিওন। তবে এই সম্ভাবনা নিয়ে তিনি কোনো চাপ অনুভব করছেন না। পুরস্কার পাওয়ার প্রত্যাশা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনেক দিন আগের কথা, কান চলচ্চিত্র উৎসবে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি, কোনো পুরস্কার জিতলেই আমি হঠাৎ অন্য কোনো অভিনেত্রী হয়ে যাই না কিংবা আমার পরিচয় বদলে যায় না। ফল যা-ই হোক, এই কাজের মধ্য দিয়ে আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি, সেটাই গুরুত্বপূর্ণ।”

শুটিংয়ের অভিজ্ঞতাকে স্বপ্নের সঙ্গে তুলনা করেছেন জিওন। তাঁর ভাষায়, শুটিংয়ে অংশ নেওয়া সব অভিনয়শিল্পীরই মনে হতো, গল্পটি যেন শেষ না হয়, চলতেই থাকে। তবে স্বপ্নের মতো সেই অভিজ্ঞতা খুব দ্রুতই শেষ হয়ে গেছে।

পরিচালক লি চ্যাং ডংয়ের কাজের ধরন সম্পর্কে জিওন জানান, পরিচালক খুব বেশি নির্দেশনা দিতেন না এবং দৃশ্য ধারণের সময় জোরালো প্রতিক্রিয়াও দেখাতেন না। তা সত্ত্বেও তাঁর উপস্থিতিতে সেটের সবকিছু যেন জাদুর মতো স্বাভাবিকভাবে এগিয়ে যেত।